২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারীদের জোট বেঁধে পেটাল স্কুলছাত্রীরা

জোট বেঁধে উত্ত্যক্তকারীদের ঠেকাল ভারতের পশ্চিমবঙ্গে একটি স্কুলের ছাত্রীরা, চারজনকে পিটিয়ে পুলিশেও দিয়েছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 10:29 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল থানা এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই এলাকার একটি চা দোকানে বসে একদল তরুণ বেশ কিছু দিন ধরে স্কুলছাত্রীদের লক্ষ্য করে নানা ধরনের অশালীন কথা বলে আসছিল।

মঙ্গলবার সকালে ওই তরুণরা একই কাজ করলে একদল ছাত্রী প্রতিবাদ জানায়। তখন তাদের হুমকি দেয় ওই তরুণরা।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এরপর স্কুলছাত্রীরা দল বেঁধে এসে ওই তরুণদের উপর চড়াও হয়। তা দেখে আশপাশের নারীরাও বাড়ি থেকে বেরিয়ে এসে ওই উত্ত্যক্তকারীদের পেটানো শুরু করে বলে জানায় সংবাদপত্রটি।

এরপর তারা চার তরুণকে ধরে জগদ্দল থানায় দিয়ে আসে। ওই তরুণরা কাছের একটি আয়ুর্বেদীয় কলেজের শিক্ষার্থী।