আইএস নিয়ে শঙ্কায় নয়া দিল্লির দ্বারস্থ আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশে সাম্প্রতিক দুটি জঙ্গি হামলার প্রেক্ষাপটে দৃশ্যত ভড়কে গিয়ে আইএস নিয়ে শঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনাওয়াল।
গত ১ জুলাই ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে ক্যাফেতে হামলা চালিয়ে এক ভারতীয়সহ ১৭ বিদেশি হত্যার এক সপ্তাহ না যেতেই ঈদের দিন শোলাকিয়া ঈদ জামাতের কাছে পুলিশের উপর হামলা হয়।
বাংলাদেশে আগের কয়েকটি ঘটনার মতো গুলশান হত্যাকাণ্ডের দায় স্বীকার করেও আইএসের নামে বার্তা এসেছিল ইন্টারনেটে; তবে বাংলাদেশের পক্ষ থেকে তা নাকচ করে বলা হচ্ছে, দেশীয় জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।
এর মধ্যেই বাংলাদেশ-লাগোয়া রাজ্যটির মুখ্যমন্ত্রী সোনাওয়াল শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলে আইএসের সম্ভাব্য হুমকি মোকাবেলায় সহায়তা চান।
নয়া দিল্লির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে জিহাদিদের তৎপরতা বেড়ে যাওয়ায় অস্বস্তি এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে কথা হয়েছে তাদের।”
তিনি জানান, আইএসের সদস্য সংগ্রহের যে কোনো তৎপরতা বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টিলিজেন্স ব্যুরো (আইবি) ও ন্যাশনাল টেকনিকাল রিসার্চ অর্গানাইজেশনের (এনটিআরও) নজরদারি রাখার কথা বলেছেন সোনাওয়াল।
আসামে মুসলিম উগ্রবাদীরা তৎপর হয়ে উঠতে পারে বলে আগেই শঙ্কার কথার জানিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।
