২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে পাকিস্তানি মেজর নিহত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী প্রধান সীমান্ত ক্রসিংয়ে আফগান বাহিনীর গুলিতে আহত এক পাকিস্তানি সেনা কর্মকর্তা মারা গেছেন বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 03:50 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

রোববার রাতে তোরখাম সীমান্তে পাকিস্তানি সেনা কর্মকর্তা মেজর আলি জাওয়াদ চেঙ্গেজি গুলিতে আহত হয়েছিলেন।

ওই ঘটনায় একজন আফগান সেনাও নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন, এদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।

তোরখাম সীমান্তে ওই দিন দ্বিতীয় রাতের মতো দুপক্ষ পরস্পরের প্রতি গোলাবর্ষণ করে।

পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের সীমানায় একটি গেইট তৈরি করতে শুরু করলে আফগানিস্তান আপত্তি জানায়। নতুন ভিসা আইন কার্যকর করতে এটি প্রয়োজন এবং এতে জঙ্গিদের তৎপরতা নিয়ন্ত্রিত হবে বলে যুক্তি দেয় পাকিস্তানি পক্ষ।

এ নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

পাকিস্তান জানিয়েছে, বৈধ ভিসা ছাড়া আফগানদের আর পাকিস্তানে ঢুকতে দেওয়া হবে না।