দিল্লির পাঁচ হাসপাতালকে ৬০০ কোটি রুপি জরিমানা
দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দিতে অস্বীকার করায় দিল্লির বেসরকারি পাঁচটি হাসপাতালকে ৬০০ কোটি রুপিরও বেশি ‘অন্যায্য মুনাফা’ জমা দিতে বলেছে দিল্লি সরকার।
এসব হাসপাতালের জন্য সরকারি জমি বরাদ্দ দেওয়ার প্রধান শর্ত ছিল দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া, জানিয়েছে এনডিটিভি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক ড. হেম প্রকাশ জানিয়েছেন, ম্যাক্স সুপার স্পেশালটি হাসপাতাল (সাকেত), ফোর্টিস এসকর্ট হার্ট ইনিস্টিটিউট, শান্তি মুকন্দ হাসপাতাল, ধর্মশিলা ক্যান্সার হাসপাতাল এবং পুষ্পবতী সিংহানিয়া রিসার্চ ইনিস্টিটিউট, এই পাঁচটি হাসপাতালকে ‘দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দিবে’ এই শর্তে ১৯৬০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ের মধ্যে হ্রাসকৃত মূল্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল।
“এই পাঁচটি হাসপাতাল শর্ত পালন করেনি। এর আগে গত বছর ডিসেম্বরের প্রথম দিকে, কেন তারা গরিবদের চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে এবং কেন তাদের জরিমানা করা হবে না, এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি, তাই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি,” বলেন ড. প্রকাশ।
“দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বিধান মান্য করা ও বিপথগামী হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে করা একটি রিটের ওপর ২০০৭ সালে উচ্চ আদালতের দেওয়া একটি আদেশের ভিত্তিতে এদের জরিমানা করা হয়েছে,” বলেন তিনি।
৯ জুলাইয়ের মধ্যে জরিমানার অর্থ জমা দেওয়ার জন্য হাসপাতালগুলোকে বলা হয়েছে, ব্যর্থ হলে এসব হাসপাতালের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
দিল্লির ৪৩টি হাসপাতালকে এই শর্তে হ্রাসকৃত মূল্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল যে, এসব হাসপাতাল তাদের ভর্তি হওয়া রোগীদের ১০ শতাংশ এবং বহির্বিভাগের রোগীদের ২৫ শতাংশ দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বরাদ্দ রাখবে।
ম্যাক্স সুপার স্পেশালটি হাসপাতাল (সাকেত), ফোর্টিস এসকর্ট হার্ট ইনিস্টিটিউট, ধর্মশিলা ক্যান্সার হাসপাতাল এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে, আর শান্তি মুকন্দ হাসপাতাল ও পুষ্পবতী সিংহানিয়া রিসার্চ ইনিস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
