আফগানিস্তানে মার্কিন সাংবাদিক ও অনুবাদকসহ নিহত ৩
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান জঙ্গিদের এক চোরাগোপ্তা হামলায় মার্কিন রেডিও এনপিআর এর একজন অভিজ্ঞ ফটোসাংবাদিক, একজন আফগান অনুবাদক ও একজন সেনা নিহত হয়েছেন।
রোববার দুপুরে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আফগান সেনাবাহিনীর একটি গাড়িতে করে যাওয়ার সময় তারা হামলার শিকার হন বলে এনপিআর ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।
আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র শাকিল আহমেদ তাসাল জানিয়েছেন, ৫০ বছর বয়সী নিহত ফটোসাংবাদিক ডেভিড গিলকে ও ৩৮ বছর বয়সী আফগান অনুবাদক ও সাংবাদিক জাবিহউল্লাহ তামান্না আফগান সেনাবাহিনীর একটি হুমভি সামরিক যানে ছিলেন।
প্রাদেশিক রাজধানী লস্কর ঘা ও মারজাহ্ এর মধ্যে ভ্রমণরত থাকা অবস্থায় তালেবানের ছোঁড়া একটি ৮২ মিলিমিটারের রকেট তাদের বহনকারী হুমভিটিকে আঘাত করে।
ডেভিড গিলকের আলোকচিত্র। ছবি: রয়টার্স
গাড়িতে থাকা অপর দুই মার্কিন সাংবাদিক এনপিআর এর টম বোমান এবং মোনিকা এভস্তাতিয়েভা অক্ষত অবস্থায় রক্ষা পান বলে এক বিবৃতিতে জানিয়েছে এনপিআর।
একটি অ্যাসাইনমেন্টে তারা সবাই ওই এলাকায় গিয়েছিলেন।
আফগানিস্তান ছাড়াও বিশ্বের বিভিন্ন সংঘাতময় এলাকায় কাজ করে খ্যাতি কুড়িয়েছিলেন গিলকে, অনেক পুরস্কারও অর্জন করেছিলেন তিনি।
নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর থেকেই তিনি ইরাক ও আফগানিস্তানের লড়াই-সংঘর্ষ কভার করে আসছিলেন বলে জানিয়েছেন এনপিআর এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ডেভিড গিলকের আলোকচিত্র। ছবি: রয়টার্স
হেলমান্দে অনেকদিন ধরেই তালেবান বিদ্রোহীদের সঙ্গে নেটো সমর্থিত আফগান সরকারি বাহিনীগুলোর তীব্র লড়াই চলছে।
গণমাধ্যমের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ২৭ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট।
