২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির অ্যাপোলো হাসপাতালে অবৈধ কিডনি-চক্রের সন্ধান

ভারতের রাজধানী নয়া দিল্লির শীর্ষস্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অবৈধভাবে কিডনি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 12:16 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

দিল্লির অ্যাপোলো হাসপাতালের দুই কর্মীসহ এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, খবর বিবিসির।

চক্রটি দরিদ্র লোকজনকে সাড়ে সাত হাজার ডলারে তাদের কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করছে বলে সন্দেহ করা হচ্ছে, এসব কিডনি পরে উচ্চমূল্যে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করা হয়। 

অ্যাপোলো হাসপাতাল দাবি করেছে, তারা ঘটনার শিকার এবং তাদের চিকিৎসকদের বিভ্রান্ত করা হয়েছে।

দরিদ্র ব্যক্তি তার আত্মীয়কে কিডনি দান করছেন, কাগজপত্র থেকে এমন ধারণা নিয়েই চিকিৎসকরা কিডনি সংগ্রহে অস্ত্রোপাচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন অপরাধী চক্রটি অস্ত্রোপচারের জন্য ভুয়া কাগজপত্র বানিয়ে চিকিৎসকদের সঙ্গে প্রতারণা করছিল বলে দাবি অ্যাপোলোর।

বিষয়টিকে ‘গভীর উদ্বেগের’ মন্তব্য করে হাসপাতালটি তদন্তে পুলিশকে সব ধরনের সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

হাসপাতালটির এক মুখপাত্র বলেন, “রোগী ও হাসপাতালকে প্রতারণা করার এক বিশদ পরিকল্পনার শিকার আমাদের হাসপাতাল।

“এর সঙ্গে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশের প্রতি আর্জি জানাচ্ছি আমরা।”

প্রয়োজনের তুলনায় মানব শরীরের প্রতিস্থাপন-যোগ্য অঙ্গগুলো সহজপ্রাপ্য না হওয়ায় পুরো ভারতজুড়ে এর একটি রমরমা কালোবাজার জমে উঠেছে বলে জানিয়েছে বিবিসি।