২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে হামলায় ভারতীয় ৩ সেনা নিহত 

ভারতের জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলায় সেনাবাহিনীর এক বহরে বিচ্ছিন্নতাবাদীদের চোরাগোপ্তা হামলায় তিন সেনা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 02:35 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

শুক্রবারের এ ঘটনায় আরো পাঁচ সেনা আহত হয়েছেন, এদের একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে এনডিটিভি।

জম্মু ও কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৫২ কিলোমিটার ‍দূরে বিজবেহারায় হামলার ঘটনাটি ঘটে। জম্মু-শ্রীনগর রাজ্য মহাসড়ক ধরে ছুটি শেষে দায়িত্বে ফেরার সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বহরটিতে হামলা চালানো হয়।

অন্ততপক্ষে তিন বিচ্ছিন্নতাবাদী বহরটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই দুই সেনা নিহত হন। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিন হামলার দায় স্বীকার করেছে।

বিজবেহারার একটি গলি থেকে বহরটি লক্ষ করে হামলাকারীরা গুলি ছোঁড়ে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মির পুলিশের মহাপরিচালক কে রাজেন্দ্র।

হামলার পর বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয় বলে জানা গেছে। হামলাকারী বিচ্ছিন্নতাবাদীরা একটি সরকারি হাসপাতালের ভিতরে অবস্থান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তারা একটি গাড়ি ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ ও সেনা পাঠিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। বিচ্ছিন্নতাবাদীদের ধরতে এলাকাটিতে চিরুণি অভিযান চালানো হচ্ছে।

গেল দুই সপ্তাহের মধ্যে নিরাপত্তা বাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদীদের দ্বিতীয় বড় হামলা এটি। এর আগে শ্রীনগরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন পুলিশ নিহত হয়েছিলেন।