ভারতের মথুরায় উচ্ছেদ অভিযানে নিহত ২৪
ভারতের মথুরায় একটি পার্কে উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে দখলদারদের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে।
শুক্রবার বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে পুলিশের শীর্ষ দুই কর্মকর্তাও রয়েছে। বৃহস্পতিবার বিকালে জওহরবাগ পার্কে ওই সংঘর্ষ হয়।
‘আজাদ ভারত ভিদিক ভৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী’ নামের একটি দলের সদস্যরা গত প্রায় দুই বছর ধরে মথুরার সবচেয়ে বড় সরকারি পার্ক জওহরবাগ দখল করে রেখেছে।
এক সংবাদ সম্মেলনে রাজ্য পুলিশের প্রধান জাভেদ আহমেদ বলেন, “জওহরবাগ পার্ক খালি করে ফেলার আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশের একটি দল সেখানে যায়।”
“কোন ধরনের উস্কানি ছাড়া এবং পুলিশকে সতর্ক হওয়ার সুযোগ না দিয়েই সেখানকার বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। এছাড়া তারা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত পাথর ছোঁড়ে। তাদের হামলায় পুলিশের শীর্ষ দুই কর্মকর্তা নিহত হয়েছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আরও পুলিশ পাঠানো হয় বলে জানান তিনি।
বিক্ষোভকারীরা প্রথমে হামলা করলে নিজেদের বাঁচাতে পুলিশ পাল্টা হামলা করে বলে দাবি করেন রাজ্য পুলিশের প্রধান জাভেদ।
এই পুলিশ কর্মকর্তার দাবি, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এবং অন্যান্য কারণে আঘাত পেয়ে কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। কিন্তু ওই সময় রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় তিনশ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। পার্ক থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
ত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়,‘আজাদ ভারত ভিদিক ভৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী’ দলের প্রধানের নাম রামবৃক্স সিং যাদব। তার সম্পর্কে তেমন কোনো তথ্য পুলিশের হাতে নেই।
এই দলটি গুরু বাবা জয় গুরুদেব নামে এক ধর্মীয় গুরুর অনুসারী ছিল। ২০১২ সালে গুরুদেবের মৃত্যুর পর দলের অনেকে নিজেদের ‘বিপ্লবী’ বলে দাবি করে এবং নিজেরদের সুভাষ চন্দ্র বোসের অনুসারী বলে পরিচয় দেয়।
দলটি ভারতের সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদকে অসাংবিধানিক বলে মনে করে এবং মাত্র এক রুপিতে জ্বালানি তেল বিক্রির দাবিতে বিক্ষোভ করে আসছে।
