সূর্য ডুবলেই ‘পক্ষাঘাত’
পাকিস্তানের কোয়েটায় একটি গ্রামের সহদোর দুই ভাই দিনের বেলা একদম স্বাভাবিক থাকলেও রাতে চলৎশক্তিহীন হয়ে পড়ছে। অদ্ভূত এ রোগের কারণে তারা পরিচিতি পেয়েছে ‘সৌর শিশু’ হিসাবে। তাদের রহস্যপূর্ণ এই রোগের কোনো ব্যাখ্যা নেই চিকিৎসকদের কাছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ১৩ ও ৯ বছর বয়সী ওই দুই ভাই, শোয়েব আহমেদ ও আব্দুল রশীদ, দিনের বেলা বাকি শিশুদের মত একেবারেস্বাভাবিক কাজকর্ম করতে পারে। কিন্তু সূর্যাস্তের পর তারা চলাফেরা এমনকি কথা পর্যন্ত বলতে পারে না।
পাকিস্তানের দৈনিক ডন এর প্রতিবেদনে বলা হয়, কি কারণে তাদের এ অবস্থা হচ্ছে সে সম্পর্কে পাকিস্তানের চিকিৎসকদের কাছে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা নেই বলে জানিয়েছেন ‘পাকিস্তান ইনস্টিটিউট অবমেডিসিন সায়েন্স (পিআইএমএস)’ এর মেডিসিন বিভাগের অধ্যাপক জাভেদ আকরাম।
রাজধানী ইসলামাবাদে পিআইএমএস-র হাসপাতালে ওই দুই ভাইকে দেখার পর বৃহস্পতিবার তিনি বলেন, “আমরা এই সমস্যাটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের ২৭ জন পাকিস্তানি ও ১৩ জন বিদেশি চিকিৎসকের একটি দল শিশু দুইটির সমস্যা সনাক্ত করতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে। আশা করি আমরা রহস্যময় এই অসুস্থতার চিকিৎসার উপায় খুঁজে পাব। যদিও আগে কি কারণে তাদের এটা হচ্ছে সেটা সনাক্ত করতে হবে।”
“সরকার বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। আরো বিস্তারিত পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা বিদেশি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। গবেষকরাতাদের বাড়ির মাটি ও বাতাসের নমুনাও পরীক্ষার জন্য সংগ্রহ করেছে।”
দক্ষিণপশ্চিম বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার নিকটবর্তী মিয়ান কুন্দি গ্রামের বাসিন্দা ওই দুই ভাইয়ের বাবার নাম মোহাম্মদ হাশিম।
তিনি জানান, তিনি ও তার স্ত্রী ‘ফার্স্ট কাজিন’। শোয়েব ও আব্দুল জন্ম থেকেই এরকম।
ছেলেদের অবস্থার বর্ণনায় হাশিম বলেন, “মনে হয় আমার ছেলেরা সূর্য থেকে শক্তি পায়।”
যদিও চিকিৎসকরা তার এই ধারণাকে (সূর্যরশ্মি থেকে শক্তি পাওয়া) বাতিল করে দিয়েছেন।
কারণ, দিনের বেলা ওই বালকদের অন্ধকার কক্ষে রেখে এবং ঝড়বৃষ্টির মধ্যে পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে দিনের বেলা তারা স্বাভাবিকই থাকছে।
