পানামা পেপার্স: অমিতাভের বিরুদ্ধে আরও প্রমাণ!
পানামাভিত্তিক ল’ ফার্ম মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া নথিতে কর ফাঁকি দেয়া কয়েকটি কোম্পানির সঙ্গে অমিতাভের যুক্ত থাকার আরও প্রমাণ মেলার খবর দিয়েছে ভারতের গণমাধ্যম।
ইন্ডিয়া এক্সপ্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, অমিতাভের অস্বীকারের মধ্যেও তারা মোট চারটি অফশোর জাহাজ কোম্পানির সঙ্গে প্রভাবশালী এই অভিনেতার যুক্ত থাকার প্রমাণ পেয়েছে।
ওই কোম্পানিগুলোর পরিচালক ছিলেন অমিতাভ বচ্চন। এর মধ্যে দুটোর বোর্ড মিটিংয়ে তিনি ‘টেলিফোন কনফারেন্স’ এর মাধ্যমে অংশও নিয়েছিলেন।
কোম্পানি চারটির নাম- ট্র্যাম্প শিপিং, সি বাল্ক শিপিং, লেডি শিপিং ও ট্রেজার শিপিং কোম্পানি লিমিটেড।
বিদেশে অফশোর কোম্পানি থাকা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নীতিমালা পরিপন্থি বলে জানিয়েছে বিবিসি।
প্রভাবশালী এই অভিনেতা অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বেশ কয়েকটি বিবৃতিতে তিনি বলেছেন, কোন অবৈধ কাজের সঙ্গে তিনি জড়িত নন এবং সরকারের করা তদন্তে সব ধরনের সহযোগিতা দিতে তার প্রস্তুতি রয়েছে।
মোস্যাক ফনসেকা থেকে ফাঁস হওয়া নথিপত্রে শ-পাঁচেক ভারতীয় নাগরিকের নাম ছিল- যারা অফশোর ট্যাক্স হ্যাভেনে অ্যাকাউন্ট খুলেছিলেন কিংবা কোম্পানির পরিচালনায় যুক্ত ছিলেন। এদের মধ্যে কেবল অমিতাভই নন, তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনেরও নাম আছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানামা পেপার্সে নাম জড়ানো সব ভারতীয়র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভারত সরকারের পর্যটন বিভাগ তাদের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অমিতাভ বচ্চনের নাম ঘোষণা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। কিন্তু সেটাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, পানামা পেপার্স তদন্তে নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করতে পারার আগে বচ্চনকে ওই ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
যদিও টুইটারে অমিতাভ জানিয়েছেন, তাকে কখনোই ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব দেওয়া হয়নি।
মহারাষ্ট্রে বাঘ সংরক্ষণের জন্য অমিতাভ বচ্চন যে ‘সেভ টাইগার’ প্রকল্পের প্রচার চালান, সেখান থেকেও তাকে সরানোর দাবি তুলেছে বিভিন্ন গোষ্ঠী।
