হরিয়ানার গুরগাঁও নাম বদলে হল ‘গুরুগ্রাম’
ভারতের হরিয়ানার ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রধান বাণিজ্য নগরী গুরগাঁও এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে গুরুগ্রাম রাখা হয়েছে।
বহুজাতিক ফার্ম, সুউচ্চ ভবন এবং আলোঝলমলে মলের জন্য বিখ্যাত হরিয়ানা রাজ্যের এই নগরীটি ‘মিলেনিয়াম সিটি' নামে অধিক পরিচিত।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হওয়ায় ভ্রাম্যমান পেশজীবীদের কাছে এ নগরী বসবাসের জন্য খুবই আকর্ষণীয়।
বিবিসি জানায়, হিন্দু পুরান মহাভারতের প্রতাপশালী চরিত্র গুরু দ্রোনাচার্যের নাম থেকে নগরীটির নতুন নামের প্রথম অংশ গুরু নেওয়া হয়েছে। গুরুগ্রামের অর্থ ‘গুরুর গ্রাম’ ।
জেলা কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়, এ নগরী এখন থেকে গুরুগ্রাম হিসেবে পরিচিত হবে। সময়ের প্রয়োজনেই গুরগাঁও নামটি বাতিল করে দেওয়া হয়েছে।
গুরগাঁও পরিবর্তন করে গুরুগ্রাম নাম রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় ছিল গুরুগ্রাম।
গত দুই দশক ধরে গুরগাঁও কৃষিক্ষেত্র থেকে প্রযুক্তির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। এজন্য কলসেন্টার ও আউটসোর্সিং কোম্পানিগুলো ধন্যবাদের দাবিদার।
কারণ নগরীটির এই সাফল্যের পেছনে সরকারের ভূমিকা খুবই সামান্য। এমনকি পর্যাপ্ত গণপরিবহন ও স্যানিটেশন সুবিধা না থাকাও এ সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
স্থানীয় ভাষার বহিঃপ্রকাশ ও জাতীয় সেন্টিমেন্টের কারণে গত কয়েক বছরে ভারতের বেশ কয়েকটি নগরীর নাম পরিবর্তন করা হয়েছে।
