ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহ
অন্যান্য বছরের তুলনায় এবার ভারতজুড়ে আগেভাগেই প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হয়েছে।
এরই মধ্যে দক্ষিণের রাজ্য তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে দাবদাহে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার উড়িষ্যার ভুবনেশ্বর শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সাধারণত ভারতে কয়েক সপ্তাহের খরা ও বাড়তে থাকা তাপমাত্রার পর বর্ষা মৌসুম শুরু হয়। কিন্তু এবার স্বাভাবিকের তুলনায় আগেই দাবদাহ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
তাপপ্রবাহ দিন দিন উত্তরের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ছে। গত কয়েক দিনে ধরে উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিরাজ করছে।
২০১৫ সালে এল নিনোর প্রভাবে ভারতে বর্ষা মৌসুমে স্বাভাবিক মাত্রায় বৃষ্টি না হওয়ায় দেশটির অনেক নদনদী শুকিয়ে গেছে।
মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের কিছু কিছু এলাকায় গত বছর স্বাভাবিকের তুলনায় অর্ধেকের কিছু বেশি বৃষ্টিপাত হয়। এরফলে গ্রীষ্মের শুরুতেই সেখানে জলাধারগুলো শুকিয়ে গেছে এবং বাতাস আরও দ্রুত উত্তপ্ত হতে শুরু করেছে।
পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার কিছুকিছু এলাকায় দাবদাহ শুরু হয়ে গেছে। যদিও পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে উত্তপ্ত মাস এখনও শুরু হয়নি।
এই অসহনীয় গরম থেকে বাঁচার একমাত্র উপায় মৌসুমি বৃষ্টিপাত, যা সাধারণত জুনের মাঝামাঝি থেকে শুরু হয়।
