২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবন্দিদের মুক্তি দেবে মিয়ানমার সরকার: সু চি

মিয়ানমারের অং সান সুচি বলেছেন, তার নতুন সরকার আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বাদবাকী সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া নিয়ে কাজ করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 07:25 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

প্রধানমন্ত্রীর সমমর্যাদার ‘স্টেট কাউন্সিলর’ পদ পাওয়ার পর সু চি এই প্রথম এ ঘোষণা দিলেন বলে জানিয়েছে বিবিসি।

সু চির প্রেসিডেন্ট পদ পাওয়া নিয়ে আইনি বাধা থাকলেও তিনি ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেতৃত্ব দিচ্ছেন। পার্লামেন্টের উভয় কক্ষে দলটির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

সু চির ঘোষিত পদক্ষেপে মুক্তি পেতে পারে জেলবন্দি কিংবা বিচারের অপেক্ষায় থাকা ৫০০ বন্দি।

সু চি নিজেও একসময় রাজবন্দি ছিলেন। আর তাই রাজবন্দিদের মুক্তির বিষয়টিকে তার সরকার অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন তিনি।

মিয়ানমারে দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটার পর দেশটিতে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসাবে সম্প্রতি কয়েক বছরে শত শত বন্দি মুক্তি পেয়েছে। তবে আবার গ্রেপ্তারও হয়েছে অনেকে।

রাজবন্দিদের কাকে কাকে মুক্তি দেওয়া হবে সরকার বিবৃতিতে তা না জানালেও সরকারের হিসাবমতে, এখনও জেলে আছে আনুমানিক ১শ’ রাজনৈতিক বন্দিসহ অন্যান্য আরও প্রায় ৪০০ বন্দি। এর মধ্যে কয়েকজন ছাত্র বিচারের অপেক্ষায় রয়েছে।

বিবিসি’র মিয়ানমার সংবাদদাতা  জন ফিশার বলেছেন, সু চির ঘোষণার আওতায় কারা রাজবন্দি হিসাবে বিবেচিত হবে তা ষ্পষ্ট নয়। মিয়ানমারের বিভিন্ন জাতিগত বিদ্রোহের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে কিনা তাও স্পষ্ট নয়।