২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির ‘নতুন পদ’ সৃষ্টির বিল পাস

অং সান সু চির ক্ষমতা বাড়াতে ‘নতুন পদ’ সৃষ্টির বিলটি মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2016, 08:05 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

যদিও মঙ্গলবারের ওই ভোট বয়কট করেছে সেনাবাহিনীর জন্য বরাদ্দ এক-তৃতীয়াংশ আসনের সাংসদরা।

মঙ্গলবার সেনাবাহিনী থেকে আসা সংসদ সদস্যরা ভোট দিতে অস্বীকৃতি জানায়, দাঁড়িয়ে প্রতিবাদ করে। তারা বারবার নতুন বিলকে অসাংবিধানিক বলে দাবি করে।

পার্লামেন্টের নিম্মকক্ষে সেনাবাহিনীর প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মাউং মাউং বলেন, “নতুন বিলে প্রস্তাবিত ‘স্টেট কাউন্সিলর’ পদটি অনেকটা এরকম যে তিনি নির্বাহী এবং সরকারের বিচারিক শাখা ‍উভয় ক্ষেত্রেই ক্ষমতা দেখাতে পারবেন। এটা সংবিধানিক বিধিমালার পরিপন্থি।”

“কোনো বিল (পার্লামেন্টে উত্থাপনের আগে) সেটি সংবিধান অনুসরণ করে করা হয়েছে কিনা তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

এর আগে শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষে ওই বিলটি অনুমোদন পায়। এখন প্রেসিডেন্টের অনুমতি পেলেই বিলটি আইনে পরিণত হবে।

সু চির জন্য সৃষ্টি করা ‘স্টেট কাউন্সিলর’র পদটি প্রেসিডেন্টের সমপর্যায়ের।

নভেম্বরে মিয়ানমারের রাজনৈতিক পট পরিবর্তন করা জাতীয় নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়লাভ করে।

কিন্তু জান্তা শাসন আমলে তৈরি মিয়ানমারের সংবিধান অনুযায়ী স্বামী বা সন্তানদের কেউ বিদেশি নাগরিক এমন কোনো ব্যক্তি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। সু চির প্রয়াত স্বামী যুক্তরাজ্যের নাগরিক ছিলেন এবং তার দুই সন্তানও যুক্তরাজ্যের নাগরিক।

যদিও সু চি নির্বাচনে জয়লাভের পরই ঘোষণা করেছিলেন ‘দেশ শাসন’ থেকে তাকে কেউ আটকাতে পারবে না। তিনি ‘প্রেসিডেন্টের উর্ধ্বে থেকে’ দেশ পরিচালনা করবেন।

সেনাবাহিনীর সঙ্গে কয়েক দফা বৈঠকের পর সু চি মনোনীত থিন কিয়াওকে এনএলডি-র পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী করা হয় এবং সংসদ সদস্যদের ভোটে কিয়াও প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এর মাধ্যমে ৫০ বছরেরও বেশি সময় পর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বেসামরিক কোনো প্রেসিডেন্ট পেল মিয়ানমার।

স্টেট কাউন্সিলর ছাড়াও সু চি পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিকালে প্রথমবারের মত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইর সঙ্গে বৈঠক করবেন সু চি।

পুরনো খবর:

সু চির ক্ষমতা বাড়াতে ‘নতুন পদ’ অনুমোদন