২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন শুরু

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে প্রথম পর্বের ভোট গ্রহণের মধ্যদিয়ে বিধানসভার নির্বাচন শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 02:47 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

এনডিটিভি বলছে, সোমবার শুরু হওয়া এ নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থি ও কংগ্রেসের মিলিত শক্তির কঠিন প্রতিরোধ মোকাবিলা করছেন। 

অপরদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য আসামের ক্ষমতা ধরে রাখার জন্য কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী তরুণ গগৈকেও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

নির্বাচনের প্রথম দিনটিতে পশ্চিমবঙ্গ বিধানসভার ১৮টি আসনে এবং আসাম বিধানসভার ৬৫টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। 
 
মাসব্যাপী নির্বাচনে পর্যায়ক্রমে অন্যান্য আসনগুলোতে ভোট গ্রহণ করা হবে।  

পশ্চিমবঙ্গ ও আসামের পাশাপাশি চলতি মাসে ভারতের তামিলনাড়ু, কেরালা ও পুডুচেরি রাজ্য বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে।    

পশ্চিমবঙ্গের নির্বাচনে ছয়টি পর্বে ভোট গ্রহণ করা হলেও আসামে দুটি পর্বে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ করা হবে।  

প্রথম পর্বের নির্বাচনে পশ্চিমবঙ্গে সাতটি তারিখে ভোট অনুষ্ঠিত হবে। প্রতি তারিখে শুরু হওয়া ভোট দুদিনে গ্রহণ করা হবে। এরপর ১১ এপ্রিল পরবর্তী পর্বের নির্বাচন শুরু হবে। 

সোমবার পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে ভোটগ্রহণ করা হবে। 

প্রথম পর্বের প্রথম ধাপে বাম-চরমপন্থি অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুরা জেলার ১৩৩ জন প্রার্থী তাদের জনসমর্থন যাচাই করার সুযোগ পাবেন।  

এ পর্বে যে ১৮টি আসনে ভোট গ্রহণ করা হবে তার মধ্যে ১৩টিকে ভারতীয় নির্বাচন কমিশন বাম-চরমপন্থিদের প্রভাবিত এলাকা হিসেবে চিহ্নিত করেছে। 
 
নিরাপত্তা বিবেচনায় এসব এলাকায় ভোট গ্রহণ বিকেল ৪টার মধ্যেই শেষ করা হবে।  

পুরুলিয়া, মানবাজার, কাশিপুর, পারা ও রঘুনাথপুরের বাকি পাঁচটি আসনে ভোট শেষ হওয়ার স্বাভাবিক সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 

২০১১-র শেষ বিধানসভা নির্বাচনে তৃণমুল ও কংগ্রেস জোট বেধে নির্বাচন করেছিল। কিন্তু এবার ওই জোট ভেঙে কংগ্রেস বামপন্থিদের সঙ্গে জোট গড়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪টি আসন ও আসাম বিধানসভায় ১২৬টি আসন আছে। নির্বাচন উপলক্ষ্যে দুটি রাজ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামের করিমগঞ্জে ইন্দো-বাংলা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।