মহারাষ্ট্রে তারপরও মন্দিরে ঢুকতে পারলেন না নারীরা
উচ্চ আদালত নারীদের মন্দিরে প্রবেশাধিকার দিয়ে তা রক্ষায় পদক্ষেপ নিতে মহারাষ্ট্র সরকারকে আদেশ দিলেও গ্রামবাসীদের বাধায় তারা আহমেদনগরের আলোচিত শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে পারেননি।
মুম্বাই হাই কোর্টের আদেশের পর দিন ‘ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বে একদল নারী এই মন্দিরে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।
চারশ বছরের প্রচলিত প্রথা অনুযায়ী, শনি শিঙ্গনাপুর মন্দিরের ভেতরে নারীদের প্রবেশ করতে দেওয়া হয় না। গত বছর এক নারী মন্দিরটিতে প্রবেশ করে পূজা করলে একপুরোহিত মন্দিরকে ‘শুদ্ধ’ করতে বড়সড় যজ্ঞের আয়োজন করে।
নারীর প্রতি বৈষম্যমূলক এই প্রথার প্রতিবাদ জানিয়ে ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড জানুয়ারিতে ঘোষণা দিয়ে মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করে।
ওই সময় কয়েকশ নারী খালি পায়ে মন্দিরের দিকে রওয়ানা হলে অনেক দূরেই আটকে দেয় পুলিশ। পরে সংগঠনটি আদালতের আশ্রয় নেয়।
ওই মামলার রায়ে শুক্রবার মুম্বাই হাই কোর্ট বলেছে, মন্দিরে প্রবেশ করা নারীদের মৌলিক অধিকার এবং সরকারকে (নারীদের) এই অধিকার রক্ষা করতে হবে।
রাজ্য সরকারের পক্ষ থেকেও মুম্বাই হাই কোর্টের এই আদেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। নারীদের মন্দিরে প্রবেশে বাধা দিলে ছয় মাসের কারাদণ্ডের বিষয়েও সতর্ক করা হয়।
কিন্তু শনিবার ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেডের প্রেসিডেন্ট ত্রুপ্তি দেশাইয়ের নেতৃত্বে একদল নারী মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের বাধা দেয়।
উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ আন্দোলনকারী নারীদের জোর করে মন্দির এলাকা থেকে সরিয়ে নেয়।
পুলিশ বলছে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে আন্দোলনরত নারীদের সরিয়ে দেওয়া হয়েছে।
ত্রুপ্তিকে উদ্ধৃত করে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালের ২৫ স্বেচ্ছাসেবী নারী মন্দিরে ঢুকতে চাইলে নারীসহ শখানেক গ্রামবাসী তাদের আটকে দেয়।
“তারা আমাদের ধাক্কা দিয়েছে এবং আটকে দিয়েছে। পুলিশ কি করছিল?”
আদালতের নির্দেশের পরও পুলিশ তাদের সুরক্ষা দেয়নি অভিযোগ করে স্বেচ্ছানেবী ওই সংগঠনটির প্রধান।
তিনি বলেন, “আমরা ফিরে যাব না। আমাদের পক্ষে আছে আদালতের আদেশ । প্রয়োজনে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও মূখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করব।”
মন্দিরের কার্যনির্বাহী কমিটির সদস্য শ্যামবাজি ধাহাটোন্ডে বলেন, হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে তারা শিগগিরই সুপ্রিম কোর্টে যাবেন।
“এটা ভক্তদের বিশ্বাস রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
