২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খন্ডে মুসলিম গরু ব্যবসায়ীদের হত্যা, আটক ৫

ভারতের ঝাড়খন্ডে দুইজন মুসলিম গরু ব্যবসায়ীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 07:54 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, আটক ব্যক্তিদের মধ্যে গোহত্যা বিরোধী সংগঠনের একজন কর্মীও রয়েছে।

শনিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ঝাড়খন্ডের লাতেহার জেলায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুই গরু ব্যবসায়ীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়।

নিহত মজলুম আনসারি (৩২) ও ইমতেয়াজ খান (১৩) বালুমাথ এলাকার বাসিন্দা।

উগ্রবাদী হিন্দুরা এ ঘটনার ঘটিয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পরার পর স্থানীয় হিন্দু ও  মুসলিমরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ থামাতে গিয়ে ছয় পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, আটক পাঁচজন দুই গরু ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করেছে।

লাতেহার পুলিশ প্রধান অনুপ বীরথারি বলেন, “জোড়া খুনের সঙ্গে যে আটজন জড়িত তাদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন এখনও পলাতক। শিগগিরই পুলিশ তাদের গ্রেপ্তার করবে। আমরা তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি।”

“গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ছাড়া বাকিদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তারা ছোটখাট ব্যবসায়ী এবং গ্রামের কৃষক।”

নিহতদের স্বজনরা জানান, পাশের জেলা ছাত্রায় বার্ষিক গবাদিপশু মেলায় অংশ নিতে নিহত মজলুম ও ইমতেয়াজ শুক্রবার সকালে ১০/১২টি গরু নিয়ে সেখানে যায়।

“শনিবার ভোর প্রায় চারটা থেকে মোবাইলে তাদের আর পাওয়া যাচ্ছিল না। পরে আমরা তাদের হত্যার খবর পাই।”

“তাদের মৃতদেহ একটি গাছের সঙ্গে ঝুলছিল…শরীরে আঘাতের চিহ্ন এবং মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।”

তিনমাস আগে গরুর মাংস খাওয়া নিয়ে ওই এলাকায় হিন্দু ও মুসলিমদের সঙ্গে সংঘর্ষ হয়।

বিশ্বের মধ্যে ভারত সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করে থাকে। এছাড়া গরুর মাংসের ভোক্তা দেশগুলোর মধ্যে তাদের অবস্থান পঞ্চম।

যদিও হিন্দু অধ্যুষিত দেশটির বেশিরভাগ রাজ্যে গোহত্যা নিষিদ্ধ, যার মধ্যে ঝাড়খন্ডও রয়েছে।

সম্প্রতি গোহত্যা ও গরুর মাংস ভক্ষণ করার গুঞ্জন ছড়িয়ে দেশটির উগ্রবাদী হিন্দুরা মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর হামলা এমনকি হত্যা করছে।

যা নিয়ে ভারতের অভ্যন্তরে এবং সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিয়ে ভোটের রাজনীতি করছে বলে অভিযোগ বিরোধীদলগুলোর।

যদিও ঝাড়খন্ডে বিজেপি নেতা অশোক কুমার শুক্রবারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটা একটি দুর্ভাগ্যজনক ঘটনা। অপরাধীদের বিরুদ্ধে আমাদের সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”