ভালুক হত্যায় ১০০ বুলেট
দুইজন গ্রামবাসী ও একজন বন কর্মকর্তাকে হত্যাকারী একটি মাদি ভালুককে হত্যা করতে ১০০টি বুলেট ব্যবহার করেছে ভারতের ছত্তিশগড় রাজ্য পুলিশ।
রোববার ভালুকটিকে হত্যা করতে পুলিশের ১০ জওয়ান ১০টি হাল্কা মেশিনগান ব্যবহার করেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।
ছত্তিশগড় রাজ্যের পূর্বাঞ্চলীয় মাহাসামুন্ড জেলায় এ ঘটনা ঘটেছে। খাওয়ার উপযোগী ফুল তুলতে বনে গিয়ে ভালুকটির হামলায় দুইজন গ্রামবাসী নিহত হন।বনে গিয়ে ফিরে না আসায় স্থানীয় গ্রামবাসীরা নিখোঁজ দুজনকে খুঁজতে গিয়ে তাদের লাশ পান।
এরপর হিংস্র ভালুকটিকে অচেতন করার চেষ্টাকালে ভালুকটির হামলায় একজন বন কর্মকর্তা নিহত হন।
ভালুকটিকে আটক করতে ব্যর্থ হওয়ার পর বন কর্মকর্তারা পুলিশকে খবর দেন।
শনিবার রাতে শ্লথ প্রজাতির ভালুকটির এসব তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনকর্মীরা ব্যর্থ হওয়ার পর ভালুকটিকে আটক করতে গ্রামবাসীদের দাবির মুখে প্রাণীটির খোঁজে নামে পুলিশ।
মাহাসামুন্ড জেলার উপপুলিশ প্রধান রাজেশ কুকারেজা বলেন, “ভালুকটি খুব আক্রমণাত্মক ছিল এবং ঘটনাস্থলেই এটি ওই কর্মকর্তাকে হত্যা করেছিল। গুলি করা ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না।
“এটি খুব উত্তেজিত ছিল, সবাইকে আক্রমণ করছিল।”
শ্লথ ভালুক লম্বায় ছয়ফুট এবং এদের ভর ১৪০ কেজি পর্যন্ত হতে পারে।
