৯০ বছরের ঐতিহ্য ছাড়ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র ভাবাদর্শিক উপদেষ্টা কট্টরপন্থি হিন্দু ধর্মীয় গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তাদের ট্রেডমার্ক ইউনিফর্ম খাকি হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
রোববার আরএসএস এর শীর্ষ সিদ্ধান্তগ্রহণকারী কমিটি ‘প্রতিনিধি সভার’ এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
নয় দশকের ঐতিহ্য থেকে সরে আসলেও প্যান্টের রঙ খাকিই থাকছে, প্রস্তাবিত ধূসর রঙ হালে পানি পায়নি।
খাকি হ্যাফপ্যান্ট, সঙ্গে কালো টুপি, সাদা শার্ট, বাদামি মোজা এবং বাঁশের লাঠি, এটিই এতদিন পর্যন্ত আরএসএস এর ট্রেডমার্ক পোশাক ছিল।
বৈঠক শেষে গুজরাটের নাগাউরে আরএসএস এর মুখপাত্র মনমোহন বৈদ্য বলেন, “পরিবর্তন ছাড়া কোনো গণসংগঠন বৃদ্ধি পেতে পারে না। সময়ের সঙ্গে মানিয়ে চলার জন্য আরএসএস সবসময়ই পরিবর্তন নিয়ে এসেছে।”
প্রধানত ইউনিফর্মের কারণে এখনকার তরুণরা আরএসএসের প্রতি আকর্ষণ বোধ করছে না বলে মনে করছে সঙ্ঘ পরিবার।
“ঢোলা হ্যাফপ্যান্ট পরলে কটুক্তির শিকার হতে পারে বলে ভয় পাচ্ছে তারা। কয়েক বছর ধরেই বিষয়টি নিয়ে বিতর্ক চলছিল,” বলেন আরএসএস এর কর্মকর্তারা।
শনিবার আরএসএস এর একটি অংশ জানিয়েছিল, তারা খাকি রঙের হাফপ্যান্টের বদলে ধূসর রঙের ফুলপ্যান্ট চায়।
“কিন্তু আরেকটি অংশ মনে করছে রঙের রাজনৈতিক প্রতীকটি অগ্রাহ্য করা সঙ্ঘের জন্য সঠিক হবে না, খাকি রঙ সেবার প্রতীক,” ব্যাখ্যা করে বলেন গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
আরএসএস এর ‘গণবেশ’ এই প্রথম পাল্টানো হল তা নয়, ২০১১ সালে চামড়ার বেল্টের পরিবর্তে ক্যানভাসের বেল্ট ব্যবহারের সিদ্ধান্ত নেয় আরএসএস। ক্যানভাসের বেল্ট সস্তা ও রক্ষণাবেক্ষণ করা সহজ।
তবে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবারের পরিবর্তনটিই আরএসএস এর ইউনিফর্মে আনা সবচেয়ে বড় পরিবর্তন। তার আগে আরএসএস এর শার্ট এবং হাফপ্যান্ট দুটিই খাকি রঙের ছিল।
