২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি হামলার শঙ্কায় গুজরাটে সতর্কতা

শিবরাত্রির উৎসবে ‘বড় ধরনের’ হামলা চালানোর পরিকল্পনা নিয়ে একদল জঙ্গি পাক-ভারত সীমান্ত দিয়ে গুজরাটে ঢুকেছে খবর পেয়ে ভারতের এই রাজ্য জারি করা হয়েছে সতর্কতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গোয়েন্দা সংস্থা পুলিশকে সতর্ক করে দেওয়ার পর ন্যাশনাল সিকিউরিটি গার্ডের চারটি কমান্ডো দল রোববার গুজরাটে পৌঁছেছে। পাকিস্তান সীমান্ত সংলগ্ন কচ্ছ ছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের সঙ্গে গুজরাটের সীমানাতেও শুরু হয়েছে সাঁড়াশি অভিযান ও তল্লাশি। 

পাশাপাশি প্রধান মন্দির, বিপণি বিতান, রেল স্টেশন ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

গুজরাট পুলিশের প্রধান নিরাপত্তার প্রস্তুতি নিয়ে সামরিক ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সব পুলিশ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে আগের রাতেই।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার কচ্ছ উপকূলের কোটেশ্বর খাঁড়ি এলাকায় একটি পাকিস্তানি নৌকা জব্দ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। টের পেয়ে আরোহীরা আগেই পালিয়ে যায়।এরপর শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি করা হয় সতর্কতা। 

ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় সেনা অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল কেজে সিংকে উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হয়, শিবরাত্রি উৎসব ও সংসদ অধিবেশন চলাকালে ‘সর্বোচ্চ ক্ষতি’ সাধনের লক্ষ্যে দেশে সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে ‘উদ্বেগজনক তথ্য’ এসেছে।

তবে কী ধরনের তথ্য পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত বলেননি ওই কর্মকর্তা।