২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালালাবাদে ভারতীয় কন্স্যুলেটে হামলাকারী সবাই নিহত     

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে ভারতীয় কন্স্যুলেটে হামলাকারী আত্মঘাতী বোমা হামলাকারীদের একটি দলের সবাইকে হত্যা করেছে আফগান নিরাপত্তা বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Mar 2016, 04:51 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

বুধবার কন্স্যুলেটে আত্মঘাতী জঙ্গিদের চালানো ওই হামলায় অন্তত ছয়জন আহত হন, কর্মকর্তারা জানিয়েছেন। 

রাজধানী কাবুলে ও পূর্বাঞ্চলীয় প্রদেশে কুনারে আত্মঘাতী হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা ও আহত করার কয়েকদিনের মধ্যেই এ হামলাটি চালানো হল। এতে তালেবানের সঙ্গে থমকে পড়া শান্তি আলোচনা ফের শুরু করার উদ্যোগটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

এক আত্মঘাতী ভারতীয় কন্স্যুলেটের কাছে একটি গাড়ি চালিয়ে নিয়ে এসে বিস্ফোরণ ঘটিয়ে হামলার সূত্রপাত করে। এই গাড়িবোমা হামলায় কন্স্যুলেট ভবন ও আশপাশের ভবনগুলোর দরজা-জানালা উড়ে যায় এবং অন্তত আটটি গাড়ি ধ্বংস হয়।

এ সময় মুহুর্মুহু বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকাটি প্রকম্পিত হয়ে উঠে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বেসামরিক লোকজন দৌড়ে পালাতে থাকে, কিন্তু সাঁজোয়া যানে করে আফগান নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খুজিয়ানি জানান, কন্স্যুলেট প্রাঙ্গণে ঢোকার আগেই চার হামলাকারীকে হত্যা করা হয়। 

তিনি বলেন, “তাদের লক্ষ্য ছিল ভারতীয় কন্স্যুলেট, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই আমাদের বাহিনীগুলো তাদের সবাইকে গুলি করে হত্যা করে।”

নানগারহারের জনস্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ কামাওয়াল জানান, হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

জানুয়ারিতে একই এলাকায় পাকিস্তানি কন্স্যুলেটেও আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল। 

রাজধানী জালালাবাদসহ নানগারহার প্রদেশে আইএসের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

জানুয়ারিতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার ই শরিফেও ভারতীয় কন্স্যুলেটে জঙ্গিরা হামলা চালিয়েছিল।