২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিয়ানায় অবরোধ চলছে, দিল্লির পানি সঙ্কটে স্বস্তি

ভারতের হরিয়ানায় সরকার জাঠদের দাবি মেনে নেওয়ার পরও বন্ধ হয়নি বিক্ষোভকারীদের অবরোধ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Feb 2016, 06:24 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

মহাসড়কগুলো সোমবারও অবরোধ করে রেখে হরিয়ানা অচল করে রেখেছে বিক্ষোভকারীরা। রাস্তার মাঝখানে বসে তারা যানচলাচলে বাধা সৃষ্টি করছে।

তবে পানি সঙ্কটে পড়া দিল্লিতে সেনারা পানির প্রধান উৎস মুনাক খালের নিয়ন্ত্রণ নেওয়ায় আপাতত স্বস্তি  পাচ্ছে অধিবাসীরা।

ভারতের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মতোই সুযোগ-সুবিধার দাবিতে জাঠদের আন্দোলনে উত্তাল হরিয়ানায় কয়েকদিনের সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। রোববার আন্দোলনের অষ্টম দিন পর্যন্ত এসব সহিংসতায় আরো ১৫০ জন আহত হয়।

বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করেও সড়ক অবরোধ ঠেকানো সম্ভব হয়নি। সোমবার সোনিপত শহরের কাছে বিক্ষোভকারীরা ফের একটি মালবাহী ট্রেনে আগুন দিয়েছে।

রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে জাঠদের সঙ্গে আপোসরফার পরও বিক্ষোভকারীদের মহসড়ক অবরোধের অবসান ঘটানো যায়নি। অবরোধের কারণে বাতিল হয়েছে ৮৫০ টি ট্রেন চলাচল, ৫শ’ কারখানা বন্ধ রয়েছে। ব্যবসায় ক্ষতি হচ্ছে ২শ’ কোটি ডলারেরও বেশি অর্থ।

জাঠ আন্দোলনের আহ্বায়ক রমেশ দালাল রয়টার্সকে বলেন, “আমরা বিক্ষোভ চালিয়ে যাব। সরকার ভেবেছে আমরা তাদের চাপ প্রয়োগের কৌশলের কাছে মাথা নত করব। কিন্তু তারা আমাদেরকে অবহেলা করে বড় ভুল করছে।”

“জাঠরা লড়াইয়ে জিততে দৃঢ়প্রতিজ্ঞ। তারা আমাদের ক্রোধ প্রশমিত করতে সেনা পাঠিয়েও কোনো লাভ করতে পারেনি।”

“আমরা এখান থেকে নড়ছি না” বলেন আরও এক বিক্ষোভকারী।  তিনি বলেন, আমরা তাদেরকে (সরকার) বিশ্বাস করি না। আমরা লিখিত কিছু চাই।”

জাঠ আন্দোলনের কারণে বেশকিছুদিন ধরে হরিয়ানা অচল হওয়াসহ দিল্লিতেও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। বিক্ষোভকারীরা দিলি্লর পানি সরবরাহের পথ বন্ধ করে দেয়ায় তীব্র পানি সঙ্কটে পড়ে রাজধানীবাসী।

তবে ভারতের সেনারা সোমবার রাজধানীতে বেশিরভাগ পানি সরবরাহের একটি খালের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হওয়ায় সঙ্কট কেটে যাওয়ার পথ সুগম হয়েছে।

 দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, সেনারা শহরের উত্তরে মুনাক খালের স্লুইস গেট খুলে দিয়েছে। ফলে কয়েকঘন্টার মধ্যেই শহরে পানি চলে আসবে।