পাকিস্তানে প্রথম আইনগত বৈধতা পেল হিন্দু বিয়ে
পাকিস্তানে এই প্রথম হিন্দুদের রেজিস্ট্রি বিয়ে আইনগত বৈধতা পেয়েছে।
সোমবার পাকিস্তানের সিন্ধু বিধানসভায় আনুষ্ঠানিক ভাবে পাশ হয়েছে হিন্দু বিবাহ বিল। এই প্রথম পাকিস্তানের কোনও প্রাদেশিক সরকার হিন্দু দম্পতিদের বিয়ে রেজিস্ট্রি করার আইনি অধিকার দিল।
পাকিস্তানে প্রায় ৩০ লাখ হিন্দুর বাস, যাদের অধিকাংশই সিন্ধু প্রদেশের বাসিন্দা।
সমাজকর্মীদের মতে, এ ধরনের আইনের অভাবে হিন্দু নারীদের জোর করে ধর্মান্তর, অপহরণ ও ধর্ষণের শিকার হতে হয়। এছাড়া, এ আইনের অভাবে হিন্দু বিধবাদেরও তাদের অধিকার থেকে বঞ্চিত হতে হয়।
এছাড়াও পাকিস্তানের হিন্দু দম্পতিদের ব্যাংক হিসাব খোলা, ভিসার জন্য আবেদন, জাতীয় পরিচয় পত্র পাওয়া এবং সঙ্গীর সম্পদে অধিকার সংক্রান্ত বেশকিছু যৌক্তিক সমস্যায় পড়তে হয় এ ধরনের আইনের অভাবে।
দেশটির জাতীয় সংসদেও এরকম একটি আইন পাসের কথা বিবেচনা করা হচ্ছে।
পাকিস্তানে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ঔপনিবেশিক আমলের আইনের আওতায় বিয়ে নিবন্ধন করতে পারে। কিন্তু এর আগে হিন্দুদের বিবাহের আইনি কোনো কাঠামো ছিল না।
নুতন আইন অনুযায়ী, সিন্ধুতে বসবাসকারী ১৮ বছরের বেশি বয়সী নারী-পুরুষ তাদের বিয়ে রেজিস্ট্রি করতে পারবেন।
তবে এ আইনের একটি অনুচ্ছেদ নিয়ে বিতর্ক রয়েছে। বিতর্কিত অনুচ্ছেদ অনুযায়ী, নিবন্ধিত দম্পতির কেউ ধর্ম পরিবর্তন করলে তাদের বিবাহ নিবন্ধন বাতিল হয়ে যাবে।
