একাত্তরের বন্ধু জেনারেল কৃষ্ণার জীবনাবসান
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কেভি কৃষ্ণা রাও মারা গেছেন।
শনিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতের ১৪তম সেনাপ্রধানের বয়স হয়েছিল ৯২ বছর।
১৯৪২ সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত জেনারেল কৃষ্ণা নাগাল্যান্ড ও মণিপুরে সন্ত্রাস দমণে ১৯৭০ থেকে ৭২ সাল পর্যন্ত একটি মাউন্টেইন ডিভিশনের নেতৃত্বে ছিলেন।
তার নেতৃত্বাধীন ব্রিগেড ১৯৭১ সালে বাঙালির মুক্তি সংগ্রামে অংশ নিয়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল শত্রুমুক্ত করতে ভূমিকা রাখে।
১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের সময় জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজীর পিছনে দাঁড়িয়ে জেনারেল কেভি কৃষ্ণা রাও।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে পদক পান তিনি।
ভারতের মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের গভর্নরের দায়িত্বও পালন করেন জেনারেল কৃষ্ণা। সংঘাতপূর্ণ রাজ্যগুলোতে শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরীকর, সেনাপ্রধান দলবীর সিং তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
শোকবার্তায় ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জেনারেল কৃষ্ণার ভূমিকা স্মরণ করেন মনোহর।
