২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা আইএস’কে কবর দেব: আশরাফ ঘানি

ইসলামিক স্টেটকে (আইএস) ‘কবর’ দেওয়ার অঙ্গীকার করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 08:51 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আইএস আফগান ইস্যু নয়, তবে এদের নৃশংসতা মানুষকে বিচ্ছিন্ন করেছে।”

 “আফগানরা এখন প্রতিশোধ নিতে চায়। তারা (আইএস) ভুল মানুষদের মুখোমুখি হয়েছে।”

আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আইএস’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান ঘানি।

ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গিয়ে তিনি বলেন, “অস্বীকার করার উপায় নেই যে, আমাদের এখন বড় ধরনের ঝুঁকি মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে।”

“ক্ষমতায় আসার পর আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠার জন্য আমি বেশ কিছু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটি এমন একটি অঞ্চল যেখানে বছরের পর বছর ধরে পূর্ব শত্রুতার জের টেনে চলা হচ্ছে।”

গত সপ্তাহে আফগানিস্তান ভিত্তিক আইএস’র শাখাকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

যু্ক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মণ্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত বছর জানুয়ারিতে আইএস এর আফগান শাখার যাত্রা শুরু হয়। পাকিস্তানি তালেবান ও আফগান তালেবানের সাবেক সদস্যরাই নতুন এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছে। তবে আফগান তালেবা গোষ্ঠী আইএস’কে মেনে নেয়নি এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

তালেবানের পক্ষ থেকে বলা হয়, আইএস’র বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা এক হাজার যোদ্ধার একটি বিশেষ বাহিনী তৈরি করেছে।

সম্প্রতি পাকিস্তানের উদ্যোগে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে।

শান্তি আলোচনা নিয়ে তালেবান নেতারা দুই ভাগে ভাগ হয়ে গেছে।

ঘানি বলেন, এপ্রিলের মধ্যে আবারও শান্তি আলোচনা শুরু না হলে সংঘর্ষ আরও বড় আকারে শুরু হবে এবং পুরো অঞ্চলকে এজন্য ভুগতে হবে।

“সময় আমাদের পক্ষে নেই। ফেব্রুয়ারি ও মার্চ মাস যে খুবই গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি।”

তালেবানের যে অংশ শান্তি আলোচনায় রাজি নয় তাদের বিরুদ্ধে পাকিস্তানেরও ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন গনি।

“আমাদের বোঝা উচিত যে, আমরা একই জিনিস চাই এবং একারণে সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”