২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে গরু পাচার বন্ধে মেঘালয়ের কসাইদের ধর্মঘট

বাংলাদেশে গরু চোরাচালান বন্ধের দাবিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের মাংস বিক্রেতারা পাঁচদিন ধরে ধর্মঘট করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেমন্ড খারমুজাই, শিলং (ভারত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 09:21 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

দুই সপ্তাহের জন্য ডাকা এই ধর্মঘট আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছে রাজ্যের পূর্বাঞ্চলের খাসি-জৈন্তা কসাই কল্যাণ সংস্থা (কেজেবিডব্লিউএ)।

কেজেবিডব্লিউএ নেতারা বলছেন, চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ গরু পাচার হয়ে যাওয়ায় রাজ্যে গরুর দাম ইতোমধ্যে অনেক বেড়েছে। তাই বেশি দামে গরু কিনে মাংস বিক্রি করে তেমন লাভের মুখ দেখছেন না মাংস বিক্রেতারা।

তাই গরু পাচার বন্ধে বারবার বলার পরও রাজ্য সরকারের ব্যর্থতায় মেঘালয়ের ১১টি জেলার মধ্যে পূর্বাঞ্চলের ছয়টি জেলায় ১৮ জানুয়ারি থেকে গরু, ছাগল, শুকর ও মুরগিসহ সব ধরনের মাংসের দোকান বন্ধ রাখা রেখেছেন বিক্রেতারা।

কেজেবিডব্লিউএ'র সহসভাপতি গেনেরু উসুলুপি বলেন, "৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব মাংসের দোকান বন্ধ থাকবে। এই সময়ে আমরা আমরা মেঘালয়-আসাম সীমান্তের খানাপাড়া হাট থেকে কোনো গরুও কিনব না।"

ভারত থেকে বৈধ পথে গরু আনা-নেওয়ার সুযোগ না থাকায় সীমান্তপথে দেশটি থেকে বছরে বিপুল পরিমাণ গরু এনে থাকে বাংলাদেশি গরু ব্যবসায়ীরা।

বেশিরভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের রাজ্য মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের ৪৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের নদী ও পাহাড়বেষ্টিত অনেক অংশ অরক্ষিত হওয়ায় এসব স্থান দিয়ে সহজেই অনুপ্রবেশের সুযোগ রয়েছে।

আর এ ধরনের সুযোগ নিয়েই রাজ্যের একটি মহলের যোগসাজসে বাংলাদেশি গরু বিক্রেতারা চোরাচালান করে থাকে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে পাচার করতে যাওয়া দুই হাজার ৭৯টি গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি রুপি।

এছাড়া একই সময়ে সীমান্ত থেকে প্রায় ১৮ জন গরু পাচারকারীকে গ্রেপ্তার করেছে তারা।

এছাড়া মেঘালয় পুলিশ সম্প্রতি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ১২৬টি গরুর মাথা জব্দ করে, যা অবৈধপথে মাংস ব্যবসার রমরমা অবস্থারই জানান দেয়।

বাংলাদেশে গরুর ব্যাপক চাহিদার কারণে খানাপাড়া হাটে গরুর দাম 'আকাশচুম্বী' বলে মন্তব্য করেন কেজেবিডব্লিউএ'র সহসভাপতি গেনেরু উসুলুপি।

তিনি বলেন, "চোরাচালানের ক্ষেত্রে এক জোড়া গরু প্রায় ৬৫ হাজার থেকে ৭০ হাজার রুপিতে বিক্রি হচ্ছে, মোটা-তাজা গরুর ক্ষেত্রে এই দাম এক লাখ রুপিতে গিয়েও ঠেকে।"

বাংলাদেশে গরু পাচারে স্থানীয় একটি চক্রেরও লাভ রয়েছে।

খানাপাড়া বাজার থেকে আন্তর্জাতিক সীমান্তে নিয়ে যাওয়ার জন্য ট্রাকওয়ালারা গরুপ্রতি আট হাজার থেকে ১০ হাজার রুপি নিয়ে থাকে। আর বাংলাদেশ পর্যন্ত পার করে দেওয়ার জন্য গরুপ্রতি রাখালরাও পাচ্ছে  প্রায় ৬০০ রুপি করে।

গেনেরু উসুলুপি বলেন, এই চোরাচালানের কারণে খাসি-জৈন্তা এলাকার কসাইরা প্রতি সপ্তাহে প্রায় ৪০ হাজার থেকে ৫০ হাজার রুপি মুনাফা হারাচ্ছেন।

এই কারণে অনেক মাংস বিক্রেতা গরুর মাংস বিক্রি বন্ধ করে দিয়ে শুকরের মাংস বিক্রিতে করতে শুরু করেছেন বলে জানান কসাই কল্যাণ সংস্থার এই নেতা।

এ ব্যাপারে বিএসএফ মুখপাত্র সুশীল কুমার সিং আইএএনকে বলেন, "আমাদের সদস্যরা গরু পাচার বন্ধে কাজ করছে। প্রায় প্রতিদিন সীমান্তের অরক্ষিত ও নদীপথ গুলো দিয়ে গরু বাংলাদেশে চলে যাচ্ছে।"

চোরাচালান বন্ধে বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি'র সঙ্গে মিলে কিছু নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানান এই বিএফএফ কর্মকর্তা।