২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত হামলার শঙ্কায় ভারতজুড়ে সতর্কতা

ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে ‘বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরসহ কয়েকটি জঙ্গি দল’ হামলা চালাতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 08:22 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কয়েকজন বাংলাদেশিও সম্ভব্য ওই হামলায় অংশ নিতে পারে বলে গোয়েন্দারা খবর পেয়েছেন। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত ১৫ জানুয়ারি বাংলাদেশি একটি নম্বর থেকে ভারতে যাওয়া একটি ফোন কলে আড়ি পেতে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়টি আঁচ করতে পারে। 

সেই ফোনালাপে এক পক্ষ থেকে হিন্দিতে বলা হয়, ‘ডক্টর মেডিসিন লেকার জায়েগা’। বাংলায় এর অর্থ- ডাক্তার ওষুধ নিয়ে যাবেন।

এরপর আইবি’র পক্ষ থেকে সব রাজ্যের পুলিশকে বিষয়টি জানানো হয়। ১৬ থেকে ২৩ জানুয়ারির মধ্যে ভারতের ২৪টি স্থানে বোমা বা আত্মঘাতী হামলা হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়।

ভারতের আম্বালার পুলিশ কমিশনার ওপি সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমরা গোয়েন্দাদের কাছ থেকে সুনির্দিষ্ট সতর্কবার্তা পেয়েছি। দেশজুড়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা আম্বালা ও পাঁচকুলার নিরাপত্তা জোরদার করেছি।”

এই প্রেক্ষাপটে বিভিন্ন সরকারি দপ্তরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি হায়দ্রাবাদে গ্রেপ্তার করা হয় মিয়ানমারের ১৫০ নাগরিককে। পরিচয়পত্র দেখাতে না পারায় পুলিশ আসামে বাংলাদেশি সন্দেহে কয়েকজন যুবককে আটক করে বলে হিন্দুর খবর।

এনডিটিভি জানিয়েছে, উত্তরখণ্ডে আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তারা উত্তর প্রদেশে চলমান কুম্ভমেলায় হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ কর্মকর্তা অরবিন্দ দীপের ভাষ্য।  

সম্প্রতি এক বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলার হুমকির কথা বলেন। ২৬ জানুয়ারি ওই অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দেরও উপস্থিত থাকার কথা রয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।     

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান মুজাহিদীন, লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো হিযবুত তাহরীরকে সাহায্য করছে বলে গোয়েন্দাদের ধারণা।

এর আগে গত ২ জানুয়ারি পাঞ্জাবের পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত আটজন নিহত হন। ওই ঘটনায় পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ জড়িত বলে ধারণা করা হচ্ছে।