২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানের পেশোয়ারে কারখানো মার্কেট এলাকায় একটি নিরাপত্তা চৌকির কাছে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০জন নিহত ও ২০জনের বেশি মানুষ আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 01:25 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

কর্মকর্তাদের বরাতে পাকিস্তানি সংবাদপত্র ডন এ খবর জানিয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের এই হামলায় নিহতদের বেশিরভাগই খাইবার খাসাদার বাহিনীর সদস্য।

খাইবার খাসাদার বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে অ্যাসিসট্যান্ট লাইন অফিসার নওয়াবশাহ এবং ট্রাইবাল ইউনিয়ন অব জার্নালিস্টের প্রেসিডেন্ট মেহবুব শাহও নিহত হন।

খাইবার এজেন্সির একজন রাজনৈতিক প্রতিনিধি শাহাব আলি শাহ জানিয়েছেন, “যদিও বিস্ফোরণের প্রকৃত ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা।”

তিনি বলছেন, ১০জন নিশ্চিতভাবে নিহত হয়েছেন।

অবশ্য প্রত্যক্ষদর্শীরাও দাবি করেছেন, এটি একটি আত্মঘাতী হামলা।

পুলিশ কর্মকর্তা মুবারক জেব খান জানিয়েছেন, খাইবার এজেন্সির জমরুদ এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। ঘটনাস্থলের অবস্থান কারখানোর কাছাকাছি।

দেশটির পার্বত্য অঞ্চল থেকে পেশোয়ারে প্রবেশের মূল পথ এই কারখানো।