পেশোয়ার স্কুলে হামলা নিয়ে ভিডিও গেইম প্রত্যাহার
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান গোষ্ঠীর হামলায় হতাহতের ঘটনা নিয়ে তৈরি একটি ভিডিও গেইম ব্যাপক সমালোচনার মুখে প্রত্যাহার করা হয়েছে।
বিবিসি বলছে, পাঞ্জাবের প্রাদেশিক সরকারের ডিজিটাল সংস্থা ‘পাকিস্তান সেনাবাহিনীর বদলা’ নামের এই ভিডিও গেইমটি ছেড়েছিল।
গেইমটিতে খেলোয়াড়রা সৈনিক হিসেবে হামলাকারীদের গুলি করতে পারেন। পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনার মুখে সংস্থাটি নিজেদের ভুল স্বীকার করে গেইমটি প্রত্যাহার করে নেয়।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান গোষ্ঠীর হামলায় ১৫২ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৩৩ জনই স্কুলছাত্র। এই হামলায় আহত হন ১২০ জনেরও বেশি।
হামলার পর স্কুলটির অডিটরিয়ামে রক্তমাখা জুতো। ফাইলছবি: রয়টার্স
ওই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে কয়েক সপ্তা আগে গুগল প্লে সার্ভিসে গেইমটি ছাড়া হয়েছিল।
পাকিস্তানের দ্য ডন সংবাদপত্র বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর এটি সবার নজর কাড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পাঞ্জাব আইটি বোর্ড এই গেইমটি অনুমোদন করেছিল। সমালোচনার জেরে বোর্ড নিজেদের ভুল স্বীকার করে জানিয়েছে, তারা এই গেইমটির বিতরণ বন্ধ করে দিয়েছে।
