সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ভারতে
গত বছর সেলফি তুলতে গিয়ে ভারতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর সারা বিশ্বে ‘সেলফি তুলতে গিয়ে’ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেকই মারা গেছে ভারতে।
প্রতিবেদনে বলা হয়, ভারতে ২০১৫ সালে সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে তিন জন, পিকনিকে নৌকা উল্টে সাত জন, খাড়া পাহাড়ের চূড়া থেকে ৬০ ফুট গভীর খাদে পড়ে একজন ও পিছলে নর্মদা চ্যানেলে পড়ে গিয়ে দুই জনের মৃত্যু হয়।
এছাড়া, সেপ্টেম্বরে তাজমহলের রয়্যাল গেটে চড়ে সেলফি তোলার সময় পড়ে গিয়ে জাপানি এক পর্যটকের মৃত্যু হয়। আহত হয় তার আরও অন্তত দুই সঙ্গী।
৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিন কিশোরী একটি পাথরের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় এক কিশোরী আরব সাগরে পড়ে যায়। পরে এক ব্যক্তি পানিতে ঝাঁপিয়ে পড়ে তার প্রাণ বাঁচায়।
ওই ঘটনার পর মুম্বাই পুলিশ নগরের এক ডজনের বেশি স্থানে ‘সেফলি তোলা নিষিদ্ধ’ করে।
মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি বিবিসি’কে বলেন, মেরিন ড্রাইভের মতো মুম্বাইয়ের বিখ্যাত পর্যটন এলাকায় সেলফি তোলার ঝুঁকি কমাতে নগর কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নগর কর্তপক্ষ জানায়, পর্যটন এলাকাগুলোতে লাইফ গার্ড মোতায়েন, সতর্ক চিহ্ন স্থাপন করা ছাড়াও ওই সব এলাকায় সতর্কবার্তা ঘোষণা করা হচ্ছে।
ভারতের বিখ্যাত কুম্ভ মেলায়ও গত বছর সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়। কুম্ভ মেলায় লাখ লাখ মানুষ যোগ দেয় এবং সেখানে মাঝে মধ্যেই পদদলনের ঘটনা ঘটে। সেলফি পদদলনের ঘটনা বাড়িয়ে দিতে পারে আশঙ্কায় মেলা কর্তৃপক্ষ ওই উদ্যোগ গ্রহণ করে।
