২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় ফের বার্ড ফ্লু, নিধন শুরু

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় তিন বছর পর ফের হাস-মুরগিতে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ত্রিপুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 10:22 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

ভারতের আইন অনুসারে আক্রান্ত মুরগি গণনিধন শুরুও হয়েছে।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ত্রিপুরা রাজ্য সরকারের মালিকানাধীন গান্ধীগ্রাম স্টেট পোল্ট্রি ফার্মের মুরগি নিধন করা হয়েছে।

ত্রিপুরার পশু সম্পদ উন্নয়ন বিভাগের (এআরডিডি) পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, “কিছু মুরগির অস্বাভাবিক মৃত্যুর খবরের পর আমরা ১৩ জানুয়ারি আগরতলা থেকে মরা মুরগি পরীক্ষার জন্য ভুপাল হাই সিকিউরিটি ল্যাবরেটরিতে পাঠাই। তারা ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ওইসব মুরগিতে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন পাঠায়।

“তাই ভারত সরকারের আইন অনুসারে যেসব ফার্মের মুরগিতে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছে, সেসব ফার্মের সব মুরগি নিধন করা হবে। সে অনুসারে আমরা নিধন কর্মসূচি শুরু করেছি।”

সরকার জানান, রাজ্য সরকারের মালিকানাধীন ওই পোল্ট্রি ফার্মের সাড়ে আট হাজারের বেশি মুরগি শনিবার নিধন করা হয়েছে। সেখানকার ১০ হাজার ডিমও নষ্ট করা হবে এদিন।

খামারটির এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যকার সব খামারের মুরগি নিধন করা হবে। এই প্রক্রিয়া শুরু হবে রোববার।

ডিজিজ ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিচালক ডা. অরূপ কুমার দে বলেন, “সরকারি খামারটি আশপাশের গ্রামে মুরগির পাশাপাশি হাসও মারা গেছে। আমরা ল্যাবরেটরিতে সেগুলোর নমুনা পাঠিয়ে ১৪ জানুয়ারি সন্ধ্যায় বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাস ধরা পড়ার বিষয়টি জানতে পারি।”

নিধন কর্মে এআরডিডি কর্মকর্তারা বিশেষ ধরনের পোশাক পরে আক্রান্ত মুরগি জবাইয়ের পর সেগুলো বিশেষ ধরনের ব্যাগে ভরে রাখছেন। পরবর্তীতে সেগুলো মাটির অনেক গভীরে পুতে রাখা হচ্ছে; পুড়িয়ে ফেলা হচ্ছে কর্মকর্তাদের ব্যবহৃত সব জিনিস।