২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গো-মাংস বহনের গুজবে দম্পতির ওপর হামলা

ভারতে উত্তরপ্রদেশের সেই ভয়ঙ্কর ঘটনার মতো অনেকটা একই ঘটনা এবার ঘটেছে মধ্যপ্রদেশে। গরুর মাংস বহন করছেন এমন গুজবে মার খেতে হয়েছে মধ্যপ্রদেশের এক মুসলিম দম্পতিকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 07:32 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

মধ্যপ্রদেশের হরদা জেলায় এই ঘটনা ঘটেছে। ওই দম্পতির ওপর চড়াও হওয়ার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ওই দম্পতি ট্রেনে করে যাচ্ছিল। স্থানীয় উগ্র হিন্দু সংগঠন গো রক্ষা সমিতির সদস্যরা ট্রেনে উঠে মুসলিম যাত্রীদের  ব্যাগ পরীক্ষার সময় তাদের একটি ব্যাগ কেড়ে নেয়। এই কামরায় কেউ গরুর মাংস নিয়ে যাচ্ছে বলে তাদের কাছে খবর ছিল বলে জানায় সমিতির সদস্যরা।

হেনেস্তার শিকার ওই দম্পতি বিবিসি’কে বলেছে, তাদের কোনো ব্যাগে গরুর মাংসই ছিল না।

ভারতের বেশির ভাগ রাজ্যে গো-হত্যা নিষিদ্ধ।

বিবিসি জানায়, মোহাম্মদ হুসাইন ও তার স্ত্রী নাসিমা বানু ট্রেনে করে যাচ্ছিলেন। ট্রেনটি  মধ্যপ্রদেশের কিরকিয়া স্টেশনে পৌঁছালে ওই ঘটনা ঘটে।

হুসাইন বলেন, “স্টেশনে ১০ থেকে ১৫ জনের একটি দল ট্রেনে ওঠে এবং যাত্রীদের ব্যাগ তল্লাশি করা শুরু করে। তারা কয়েকজন যাত্রীর ওপর হামলে পড়ে। তারা আমাদের কাছে থাকা ব্যাগগুলোও তল্লাশি করে। এমনি তারা আমার স্ত্রীকেও হেনেস্তা করে।”

 “গোরক্ষা সমিতির সদস্যরা সবার ব্যাগ তল্লাশি করছিল। যেহেতু আমরা হরদায় বসবাস করি তাই আমরা এ বিষয়ে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই। অন্য যাত্রীরা চুপ ছিল এবং ট্রেনে চেপে গন্তব্যে চলে যায়।”

হরদার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রামবাবু শর্মা বিবিসি’কে বলেন, “এ ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”

গত বছর উত্তরপ্রদেশে একদল হিন্দু গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে ৫০ বছর বয়সী মুসলিম এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত ব্যক্তির ২২ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়।