মিয়ানমারে খনিতে ফের ভূমিধস, বহু প্রাণহানির শঙ্কা
এক মাসের ব্যবধানে মিয়ানমারের খনি এলাকায় দ্বিতীয় ভূমিধসের ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
চীন ও ভারতীয় সীমান্তের মধ্যবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের পাকান্ত এলাকায় শুক্রবার বিকালে এ ঘটনার পর পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় এক খনি শ্রমিক জানিয়েছেন।
মিয়ানমারের শত কোটি ডলারের ‘জেইড’ পাথরের খনিটি শক্তিশালী সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এই এলাকার একটি খনিশ্রমিক সাই লোন শনিবার রয়টার্সকে বলেন, “খনির ধসে পড়া আবর্জনার নিচে ৫০ জন চাপা পড়েছে বলে শুনেছি। আজ সকালে শুনলাম সেখান থেকে চার বা পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”
মোহনিন জেলার পাকান্ত পুলিশ, ভূমিধসের ঘটনা জানালেও হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
ওই থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, “উদ্ধারকারী দলের কাছ থেকে এখনো কোনো খবর পাইনি আমরা।”
গত ২২ নভেম্বর কাচিনের একই পার্বত্য এলাকায় বড় ধরনের একটি ভূমিধসের ঘটনায় ১১৪ জন নিহত হয়।
বিশ্বের সবচেয়ে উন্নত মানের ‘জেইড’ পাথরগুলোর কিছু মিয়ানমারের এই এলাকায় পাওয়া যায়।
