২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কিশোর আইন সংশোধন: ১৬ বছরেই পুরো শাস্তি

‘নির্ভয়া’ ধর্ষণের মামলায় দণ্ডিত কিশোরের মুক্তির পর জনবিক্ষোভের মুখে ভারতে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়েছে জুভেনাইল জাস্টিস বিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 09:13 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

পুরনো খবর:

প্রতিবাদও রুখতে পারল না দিল্লির ধর্ষণকারীর মুক্তি
ভয়ে এনজিওর তত্ত্বাবধানেই থাকতে চান দিল্লির সেই ধর্ষক কিশোর

এখন থেকে ধর্ষণসহ গুরুতর অপরাধের ক্ষেত্রে ১৬ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের প্রাপ্তবয়স্ক হিসাবেই গণ্য করা হবে।

বর্তমানে ভারতে ১৮ বছরের কম বয়সীদের কিশোর আইনে বিচার করা হয়ে আসছে। এই আইনে সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড।

আইনের সংশোধনীতে বলা হয়েছে, হত্যা ও ধর্ষণের মত মারাত্মক অপরাধের ক্ষেত্রে ১৬ বছর বয়স থেকেই অপরাধীকে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করে শাস্তি দেওয়া হবে।

রাষ্ট্রপতি এখন বিলটিতে সই করলেই এটি আইনে পরিণত হবে।

বিবিসি জানিয়েছে, সংশোধিত আইনটি সদ্য মুক্তি পাওয়া ধর্ষকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তবে ভবিষ্যতে ১৬ পেরোনো সব অপরাধীর ক্ষেত্রেই এ আইন প্রযোজ্য হবে।

দিল্লিতে ২০১২ সালের ১৬ ডিসেম্বরে চলন্ত বাসে 'নির্ভয়া' ধর্ষণ ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ওই কিশোর সম্প্রতি মুক্তি পান।

ঘটনার সময় তার বয়স ১৮ বছরের কম থাকায় তাকে কিশোর আইনে বিচার করা হয় এবং তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সাজার মেয়াদ শেষের পর রোববার মুক্তি পান তিনি। আইনে শাস্তির সুযোগ না থাকায় নির্ভয়ার ওই নাবালক ধর্ষকের মুক্তি রদের আবেদনও খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে।

এরপরই জোরদার হয় জুভেনাইল জাস্টিস আইনে পরিবর্তন আনার দাবি।

মঙ্গলবার রাজ্যসভায় জুভেনাইল জাস্টিস বিল পাসের আগে মে মাসে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা বিলটি অনুমোদন করেছিল।

ভারতে কিশোর অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত বছর কিশোর অপরাধের ৩৮,৫৬৫টি মামলা দায়ের হয়। যেগুলোর মধ্যে ধর্ষণ, হত্যা ও এসিড নিক্ষেপের মতো ঘটনা রয়েছে।

নতুন আইন অপরাধের সংখ্যা কমিয়ে আনবে বলে আশা করছেন অনেকে। যদিও নতুন আইনের সমালোচনাও হচ্ছে।

ভারত জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক নীতিমালায় স্বাক্ষরকারী দেশ।

ওই নীতিমালা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী সবাইকে শিশু হিসেবে বিবেচনা করতে হবে এবং তাদের সঙ্গে সেভাবে ব্যবহার করতে হবে।

সমালোচকরা বলছেন, নতুন আইন ওই নীতিমালার বিরোধী।