২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির সেই ধর্ষকের মুক্তির স্থগিতাদেশ আবেদন খারিজ

দিল্লিতে নির্ভয়া ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ‘কিশোর’ এর মুক্তি আটকাতে ভারতের সুপ্রিম কোর্টে করা আবেদনটি খারিজ হয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 06:27 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

সোমবার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, “আমরা আপনাদের উদ্বেগের বিষয়টি বুঝতে পারছি। কিন্তু বর্তমান আইনের কারণে আমাদের হাত বাঁধা। (বর্তমান কিশোর আইনে) তিন বছরের পর আটক রাখার মেয়াদ বাড়ানো যাবে কিনা সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। আইন অনুযায়ী তিন বছরের পর আটক রাখার মেয়াদ বাড়ানো সম্ভব না।”

এর আগে দিল্লি হাইকোর্ট এ সংক্রান্ত একটি আবেদন খারিজ করে দেয়।

শুক্রবার বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামীর করা ওই আবেদনটি খারিজ করে দিয়ে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়, “এই বিষয়টির গুরুত্ব নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু আইন অনুযায়ী, ওই কিশোরকে ২০ ডিসেম্বরের পর সংশোধনাগারে রাখা সম্ভব না।”

হাইকোর্টের ওই রায়ের পরদিন দিল্লির নারী কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল আসামির মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে বন্ধুর সঙ্গে বাসে চড়ে বাড়ি ফেরার পথে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী বাসচালক ও কর্মীদের নির্যাতন ও ধর্ষণের শিকার হয়।

গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাস্তায় ফেলে দেওয়ার পর হাসপাতালে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যায় সে। ‘নির্ভয়া’ তার ছদ্মনাম।

পরদিন বাসচালক রাম সিংকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিনের মধ্যে বাকি পাঁচ জনকেও আটক করা হয়। বিচার চলাকালে রাম সিং তিহার কারাগারে আত্মহত্যা করে। বাকি চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বর্তমানে তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে।

ঘটনার সময় এক অভিযুক্তের বয়স ১৮ বছরের কম থাকায় কিশোর আইনে তার বিচার হয়।  ভারতে কিশোর আইনে সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড।  ফলে তিন বছর কারাভোগের পর রোববার কিশোর সংশোধনাগার থেকে সে মুক্তি পায়।

জনরোষের শিকার হতে পারে এই ভয়ে বর্তমানে তাকে অজ্ঞাত একটি স্থানে একটি এনজিও’র তত্ত্বাবধানে রাখা হয়েছে।

অভিযুক্তের মুক্তি আটকাতে গত তিন বছর ধরে নিহতের বাবা-মা লড়াই করে যাচ্ছে। রোববার সকালে মুক্তির প্রতিবাদে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করতে চেয়েছিল। কিন্তু পুলিশি বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।

নিহত মেডিকেল কলেজের ওই শিক্ষার্থীর আসল নাম জ্যোতি সিং। ভারতের আইনে ধর্ষণের শিকার ব্যক্তির নাম প্রকাশ করা যায় না।

কিন্তু গত সপ্তাহে এক সমাবেশে নিজের মেয়ের নাম প্রকাশ করে জ্যোতির মা আশা সিং বলেন, মেয়ের নাম প্রকাশ করতে তিনি লজ্জাবোধ করেন না।