অপবাদ দিয়ে বৃদ্ধার মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী
‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে ত্রিপুরার এক গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ বছর বয়সী নারীকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ত্রিপুরা জেলার পুরাতন রাজবাড়ি থানার উজান চন্দ্রপুর গ্রামে এ ঘটনায় তিন নারীসহ এক পরিবারের পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই নৃ-গোষ্ঠীর এক দোকানির সঙ্গে ওই বৃদ্ধার সম্পর্ক থাকার অভিযোগ তুলে তাকে নির্যাতন করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দোকানির স্বজনরা বৃদ্ধার উপর হামলা চালায়; পরে তার অর্ধেক মাথা ন্যাড়া করে দেয়।
শনিবার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে ওই বৃদ্ধা বলেন, “আমি প্রায়ই ওই দোকানে যেতাম। এখন তারা আমাকে চরিত্রহীন বলছে। কিন্তু আমরা অনৈতিক কিছু্ই করিনি। যার সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে তার সঙ্গে আমার সম্পর্ক ভাই-বোনের মতো।”
বিলোনিয়া সাব-ডিভিশন পুলিশের কর্মকর্তা এস কে পাল বলেন, নির্যাতিত বৃদ্ধা মামলা করার পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধিমাতলি পঞ্চায়েত থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- নিমাই ভিল, আপন ভিল, ভগবতি ভিল, মায়ারানি ভিল ও হিরুবালা ভিল।
এর আগে গত জুনে একই এলাকায় এক নারীকে উলঙ্গ করে পেটানো হয়েছিল। ইলেকট্রিকের তার দিয়ে বেঁধে তার মাথাও অর্ধেক ন্যাড়া করা হয় সে সময়।
