২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ইঞ্জিন টেনে নিল বিমানকর্মীর জীবন

ভারতের মুম্বাই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একজন টেকনিশিয়ান বিমানের ইঞ্জিনের টানে ভেতরে ছিটকে গিয়ে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 02:40 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

বুধবার এ ঘটনা ঘটেছে বলে এয়ার ইন্ডিয়ার বরাতে জানিয়েছে বিবিসি।

এয়ার ইন্ডিয়ার জেট ফ্লাইট এআই ৬১৯ মুম্বাই থেকে হায়দ্রাবাদ রওনার প্রস্তুতি নেওয়ার সময় ইঞ্জিন চালু করলে এই দুর্ঘটনাটি ঘটে।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তবে ঠিক কী ঘটেছিল তা শেষ খবর পাওয়া পর্যন্ত পরিষ্কার হয়নি।  

ঘটনার তদন্ত করা হচ্ছে জানিয়ে লোহানি বলেন, “শোচনীয় এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত ও মর্মাহত।”

নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

এয়ার ইন্ডিয়ার এক সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে কো-পাইলট বিমানটির ইঞ্জিন চালু করলে ঘটনাটি ঘটে। নিহত টেকনিশিয়ান বিমানটির কাছেই দাঁড়িয়ে ছিলেন।

সংস্থাটির অপর এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, “আমরা কোনোভাবেই বুঝতে পারছি না কীভাবে ওই ব্যক্তি ওই মুহূর্তে বিমানটির কাছে ছিলেন। শুধু তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে কার দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটল এবং ওই সময়েই বিমানের ইঞ্জিন চালু করার কথা ছিল কিনা।”