২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে দুইদিনের সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 07:08 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

তিন বছরের মধ্যে বৈরি প্রতিবেশী দেশ পাকিস্তানে এটিই শীর্ষ কোনো ভারতীয় কূটনীতিকের প্রথম সফর। সফরকালে বুধবার বৈঠক করবেন তিনি।

সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন মন্ত্রী রাজীব প্রতাপ রুডি বলেন, “আগামীকাল (মঙ্গলবার) সুষমা স্বরাজ ইসলামাবাদের পথে রওয়ানা হবেন। তিনি দেশে ফিরে আসার পর এ বিষয়ে একটি বিবৃতি দেবেন।”

“তিনি ইসলামাবাদ থেকে ফিরে আসার পর সেখানে  কি আলোচনা হয়েছে সে বিষয়ে সরকার পার্লামেন্টের উভয়কক্ষে বিস্তারিত তথ্য জানাবে।”

ইসলামাবাদে সুষমা আফগানিস্তান বিষয়ক আলোচনায় ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (এনএসএএস) বৈঠক অনুষ্ঠিত হয়। যা ছিল প্রায় চার মাস পর প্রতিবেশী দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।

উভয়পক্ষই বৈঠকটিকে ‘অকৃত্রিম, আন্তরিক ও গঠনমূলক’ বলে বর্ণনা করে। ওই বৈঠকের পর দিন সুষমার পাকিস্তান সফরের ঘোষণা এল।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, তিনি সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছেন। দৈনিক পাকিস্তানকে তিনি বলেন, “আলোচনাই একমাত্র সমাধান।”

মূলত আফগানিস্তান বিষয়ক ‘হার্ট অব এশিয়ার’ দেশগুলোর মন্ত্রী পর্যায়ের পঞ্চম সম্মেলনে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন সুষমা।

দুই দিন ব্যাপী ওই সম্মেলনে অংশ নিতে বুধবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিও ইসলামাবাদে যাবেন।