যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মোদী
তিনদিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা।
১২ থেকে ১৪ নভেম্বরের এ সফরে বিশাল এক র্যালিতে অংশ নেয়ার কথা রয়েছে মোদীর।
সম্প্রতি পূর্বের রাজ্য বিহারে মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভরাডুবি হয়েছে।
ক্ষমতায় আসার পর কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে দেশে এবং দেশের বাইরে মোদী ও তার দল বিজেপি’র জনপ্রিয়তায় ভাটা পড়েছে।
ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব পুনর্প্রতিষ্ঠিত করতে এবং সমর্থকদের মধ্যে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতেই শুক্রবারের র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিতে প্রায় ৬০ হাজার মানুষ অংশ নিতে পারে বলে জানিয়েছে রয়টার্স। র্যালির পর ওয়েম্বলি স্টেডিয়ামে আতশবাজির প্রদর্শনী হবে।
যুক্তরাজ্যে প্রায় ১৫ লাখ ভারতীয় বাস করে।
১৮ মাস আগে ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মতো আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বিস্তারের কাজ শুরু করেন মোদী।
মোদীর এ সফরে আট থেকে ১২ বিলিয়ন পাউন্ডের বাণিজ্য চুক্তি হতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা।
লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউটের জ্যেষ্ঠ গবেষক শশাঙ্ক জোশি বলেন, “অর্থনৈতিকভাবে যুক্তরাজ্য ও ভারতের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে, কিন্তু কৌশলগত দিক দিয়ে দুই দেশের সম্পর্ক দুর্বল।”
বাণিজ্য ভিত্তিক গণতান্ত্রিক নীতির অংশ হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দ্রুত বর্ধমান এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী।
