আরও এগিয়ে সু চির দল
নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশে বিলম্ব হলেও অং সান সূ চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিজয়রথ এগিয়ে চলেছে।
বুধবার দুপুর পর্যন্ত দেশটির নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিম্নকক্ষ ‘পিথু্ হালতাউয়ের’ ঘোষিত ১৫৬টি আসনের ফলাফলে সূ চির দল ১৩৪টি আসনে জয়ী হয়েছে।
ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) পেয়েছে ৮টি আসন। সাতটি আসনের ভোট বাতিল করা হয়েছে।
উচ্চকক্ষের ৩৩টি আসনের ফল জানিয়েছে নির্বাচন কমিশন, যার মধ্যে ২৯টিই জিতেছে এনএলডি, ইউএসডিপি ২টি, জোমি সিডি পেয়েছে একটি। বাকিটি গেছে স্বতন্ত্র প্রার্থীর দখলে।
এছাড়া প্রাদেশিক সভায় ২৩৪টি আসন পেয়েছে এনএলডি, ইউএসডিপি ২৬টি। ১৪টি আসনের নির্বাচন বাতিল হয়েছে।
৪৪০ আসনের ‘পিথুই হালতাউ’ এ সেনাবাহিনীর জন্য ১২৫টি এবং উচ্চকক্ষ ‘আমুথা হালতাউ’র ২২৪টির মধ্যে ৫৬টি সংরক্ষিত থাকে।
এনএলডি প্রার্থীরা ইয়াঙ্গুন, মানদালে, বাগো, কাচিন, মুনসহ বিভিন্ন রিজিয়ন ও স্টেটে একচেটিয়া জয় পেয়েছেন। এ আসনগুলো এর আগে ক্ষমতাসীনদের কব্জায় ছিল।
ইয়াঙ্গুনের কাহমুতে বিজয়ী হয়েছেন সূচি। সেখানে এনএলডির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত শত সমর্থকের অপেক্ষা শেষ পর্যন্ত সমাবেশ পরিণত হয়েছে।
দুই যুগ আগে ১৯৯০ সালে নির্বাচনে জিতেও ক্ষমতায় বসতে পারেননি মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের নায়ক অং সানের মেয়ে সু চি। তারপর দীর্ঘ গৃহবন্দিত্ব। শান্তিতে নোবেলের জন্য মনোনীত হলেও তা নিতে যেতে দেয়নি জান্তা সরকার।
এরপর আন্তর্জাতিক চাপ আর দেশে আন্দোলন- সব মিলিয়ে বদলাতে থাকে মিয়ানমারের পরিস্থিতি। গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয় এই প্রেক্ষাপটে ২০১০ সালের ৭ নভেম্বর জান্তা সরকার পার্লামেন্ট নির্বাচন দিলেও তাতে অংশ নেয়নি এনএলডি।
দুই বছর পর আবার উপনির্বাচনে এনএলডি আসে প্রধান বিরোধী দল হয়ে। সেখানে ৪৮টি আসনের মধ্যে ৪৫টি আসন পায় তারা।
ওই নির্বাচনের পর থেকে ধীরে ধীরে সামরিক শাসনের বেড়াজাল ছিন্ন হতে থাকে। আর তার পরের এই নির্বাচনকে তাই ঐতিহাসিক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, রোববারের ভোটগ্রহণ অধিকাংশ ক্ষেত্রে অবাধ ও সুষ্ঠু হয়েছে।
