অনিশ্চয়তার মধ্যেও ‘দানশীল হচ্ছে’ মানুষ
বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ২০১৪ সালে দানশীল মানুষের সংখ্যা বেড়েছে বলে উঠে এসেছে এক জরিপে।
বিশ্বের ১৪৫টি দেশের উপর পরিচালিত এই জরিপের বরাত দিয়ে মঙ্গলবার গবেষকরা জানিয়েছেন, সবচেয়ে উদার মানুষের দেশের তালিকায় এবার সবার উপরে রয়েছে মিয়ানমার।
এই তালিকায় সবার নিচে আছে বুরুন্ডি। আর এর উপরে আছে যথাক্রমে চীন, ইয়েমেন ও লিথুয়ানিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫ নম্বরে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালপের সহযোগিতায় লন্ডনভিত্তিক চ্যারিটেবল এইড ফাউন্ডেশন (সিএএফ)এই জরিপ চালায়। এজন্য ২০১৪ সালে বিশ্বের দেড় লাখের বেশি মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়।
কোন দেশের মানুষ কতোটা দানশীল, স্বেচ্ছাসেবী কাজে কতোটা যুক্ত এবং আগন্তুকদের কতোটা সাহায্য করেন তার উপর ভিত্তি করে ‘ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স’ নামের এই তালিকা প্রকাশ করেছে সিএফএ।
এতে দেখা যাচ্ছে, মিয়ানমারের প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ৯ জনই দান করেন এবং কমপক্ষে ৫ জন স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত।
সিএএফ এর হিসেবে, ২০১৪ সালে বিশ্বের ১৪০ কোটি মানুষ অন্যকে দান করেছেন। দানশীলদের এই সংখ্যা বিশ্বের মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩১ দশমিক ৫ শতাংশ। ২০১৩ সালে এই হার ছিল ২৮ দশমিক ৩ শতাংশ।
এক বিবৃতিতে সিএএফ এর প্রধান নির্বাহী জন ল বলেন, “বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়েও অন্যের সাহায্যে অর্থ দানের প্রবণতা বাড়ার এই চিত্র খুবই আশাব্যঞ্জক।”
সিএএফ এর ‘ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স’ অনুসারে সার্বিক দানের বিচারে তালিকায় মিয়ানমারের পরই আছে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড,কানাডা ও অস্ট্রেলিয়া।
জরিপে মিয়ানমারের অংশগ্রহণকারীদের ৯২ শতাংশ জানিয়েছেন,তারা ২০১৪ সালে কোনো না কোনো প্রতিষ্ঠানে দান করেছেন। মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডের ৮৭ শতাংশ উত্তরদাতা দান করার কথা জানিয়েছেন।
জরিপে স্বেচ্ছাসেবী কার্যক্রমেও শীর্ষে রয়েছে মিয়ানমার। দেখা গেছে, দেশটির অর্ধেক উত্তরদাতাই স্বেচ্ছাসেবী কাজে যুক্ত। তালিকায় এরপর রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা,লাইবেরিয়া,নিউজিল্যান্ড,কানাডা ও যুক্তরাষ্ট্র।
অবশ্য গত বছর বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবী কাজে জড়িত মানুষের সংখ্যা সামান্য কমেছে। ২০১৪ সালে এই হার ২১ শতাংশ; ২০১৩ সালে ছিল ২১ দশমিক ৩ শতাংশ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের এই প্রতিবেদনে মিয়ানমারের অর্জন এবং ‘রোহিঙ্গা জনগণের সাম্প্রতিক ভোগান্তি ও অধিকারের লড়াইয়ের পরস্পরবিরোধী চিত্র ফুটে উঠেছে’।
জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি জানিয়েছেন,২০১৪ সালে তারা অপরিচিত ব্যক্তির সাহায্যে হাত বাড়িয়েছেন; যা গত বছরের চেয়ে সামান্য বেশি। এ তালিকায় শীর্ষ পাঁচ দেশ হচ্ছে- ইরাক, লাইবেরিয়া, যুক্তরাষ্ট্র,নামিবিয়া ও জ্যামাইকা।
দানশীলতার তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ১২৫ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে ১১৯ নম্বরে। সেই তুলনায় অপরিচিত ব্যক্তিদের সহযোগিতা করার ক্ষেত্রে এ দেশের মানুষ অনেক উদার, বিশ্বে বাংলাদেশ ২৯তম।
