ভারতে আবার ম্যাগি বিক্রি শুরু
ভারতে জনপ্রিয় ম্যাগি নুডলস বিক্রি আবার শুরু হয়েছে।
উৎপাদক কোম্পানি নেসলে ইন্ডিয়া বাজার থেকে ম্যাগি তুলে নেওয়ার ৫ মাস পর ফের এ নুডলস বাজারে ছাড়ল।
এ বছরের শুরুর দিকে ম্যাগির কয়েকটি পরীক্ষায় বেশি মাত্রার সীসার উপস্থিতি পাওয়া যাওয়ার পর খাদ্য নিরাপত্তা ও মান নির্ণায়ক কর্তৃপক্ষ এফএসএসএআই- এর নির্দেশে বাজারে নিষিদ্ধ হয় ম্যাগি নুডুলসের বেচা-কেনা।
এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয় নেসলে। আদালত তিনটি পরীক্ষাগার নির্দিষ্ট করে দিয়েছিল। এগুলোতে ছাড়পত্র পেলে ম্যাগিকে আবার বাজারে আসার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত।
ফলে নির্দেশানুযায়ী, পুরোনো ম্যাগির সব প্যাকেট বাজার থেকে তুলে নিয়েছিল নেসলে কর্তৃপক্ষ। এখন সবক’টি পরীক্ষাগারেরই ছাড়পত্র পাওয়ার কথা জানিয়ে নেসলে আবার ম্যাগি বিক্রি শুরু করল।
