২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে টিভি স্টেশনে পুলিশের ঝটিকা অভিযান

ইউটিউবে মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি ব্যক্তি মালিকানাধীন টেলিভিশন স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2015, 09:11 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

রাজধানী মালেতে সাঙ্গু টিভি স্টুডিওর সব কম্পিউটারের হার্ডডিস্ক পুলিশ খুলে নিয়ে গেছে বলে বিবিসি’র খবরে জানানো হয়।

ভিডিওটিতে মুখোশ পরা তিন ব্যক্তিকে প্রেসিডেন্ট ইয়ামিনকে মেরে ফেলার হুমকি দিতে দেখা যায়।

প্রেসিডেন্ট ভবনের কাছে একটি গাড়িতে বোমা এবং আরও দুইটি স্থানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের গুপ্ত ভাণ্ডার খুঁজে পাওয়ার পর বুধবার দেশে এক মাসের জুরুরি অবস্থা জারি করেন ইয়ামিন।

সাঙ্গু টিভি'র ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম ওয়াহেদ মিনিভান নিউজকে বলেন, "টিভি স্টেশনটি পুরোপুরি অচল হয়ে গেছে।"

"প্রমাণ খুঁজতে তারা পুরো অফিস লণ্ডভণ্ড করে ফেলেছে। এমনকি অফিসের আলমারিগুলোর তালাও ভেঙে ফেলে তল্লাশি চালানো হয়েছে। তারা আমাদের সব কম্পিউটার ব্যবস্থার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে।"

আলোচিত ভিডিওটি সাঙ্গু টিভির কোনো সংবাদকর্মী বা ম্যানেজমেন্টের কেউ আপলোড করেনি বলেও দাবি করেন তিনি।

পুলিশের গোয়েন্দা প্রতিবেদন ও ইউটিউব থেকে সংগ্রীহিত তথ্যের ভিত্তিতে আলাদত এ অভিযান চালানোর অনুমতি দেয় বলে জানিয়েছে পুলিশ।

ভিডিওতে মুখোশধারী তিন ব্যক্তি প্রেসিডেন্ট ইয়ামিনসহ সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকেও হত্যার হুমকি দেয়। তাদের পেছনে ইসলামিক স্টেটের (আইএস) কালো পতাকা টাঙানো।

মুখোশধারী ব্যক্তিরা তাদের দাবি মেনে নেয়ার জন্য প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে ৩০ দিনের সময় দেয়। এই সময়ের মধ্যে তারা আহালাত পার্টির প্রধান শেখ ইমরান আব্দুল্লাহকে ছেড়ে দিতে বলে। সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের অপেক্ষায় রয়েছেন ইমরান।

কোনো রকম শর্ত ছাড়াই দ্রুত ইমরানকে ছেড়ে দেওয়ার দাবি জানায় তারা। সেইসঙ্গে পার্লামেন্ট থেকে সন্ত্রাস বিরোধী বিল তুলে নেয়ারও দাবি জানায়।

প্রথমে মালদ্বীপ কর্তৃপক্ষ একে ভুয়া ভিডিও বলে বাতিল করে দিয়েছিল।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মালদ্বীপে ধীরে ধীরে চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে।

দেশটির কয়েক ডজন নাগরিক আইএস এ যোগ দিয়েছে। আইএস এর হয়ে যুদ্ধ করতে গিয়ে মালদ্বীপের অন্তত পাঁচ নাগরিকের মৃত্যু হয়েছে।