সেলফি তুলতে গিয়ে মুম্বাইয়ে স্কুল ছাত্রের মৃত্যু
ট্রেনের ওয়াগনের উপর দাঁড়িয়ে নিজের মোবাইল ফোনে সেলফি তোলার চেষ্টাকালে ভারতের মুম্বাইয়ে ১৪ বছরের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার মুম্বাইয়ের নেহেরু স্টেশনে বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর সন্ধ্যায় সাহিল সি ইশ্বারকার মারা যান বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সেলফি তোলার জন্য সাহিল স্টেশনে দাঁড়ানো মালাবাহী একটি ট্রেনের ওয়াগনের উপরে উঠেছিলেন। কিন্তু হঠাৎ মাথার উপরে থাকা ২৫ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সঙ্গে জড়িয়ে মারাত্মক আহত হন, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।
দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পুলিশ অপমৃত্যুর একটি ঘটনা ডায়েরি করেছে।
মাত্র দুইদিন আগে সাহিলের বাবা সাহিলকে নতুন মোবাইল ফোনটি উপহার দিয়েছিলেন। বন্ধুদের নিয়ে মোবাইল ফোনে ছবি তুলে মজা করতে বের হয়েছিলেন মুম্বাইয়ের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাই স্কুলের নবম শ্রেণির এই ছাত্র।
চলতি বছর মুম্বাইয়ের সেলফি তুলতে গিয়ে এ নিয়ে দ্বিতীয় কিশোরের মৃত্যু হল।
জানুয়ারিতে প্রায় একই ধরনের ঘটনায় ট্রেনের ছাদে দাঁড়িয়ে সেলফি তোলার সময় গণেশ কুমকুমওয়ার্থি নামের ১৬ বছর বয়সী এক কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছিলেন।
