২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার নিহত

ভারতীয় কাশ্মিরের শীর্ষ ফেরারি জঙ্গি লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার আবু কাসিম জম্মু ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 03:01 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশের মহাপরিদর্শক সৈয়দ জভেদ মুজতবা গিলানি।

তিনি বলেন, “এলইটি-র অপারেশনাল কমান্ডার আবু কাসিম গতরাতে কুলগাম জেলার খান্দায়পোড়া গ্রামে নিরাপত্তা বাহিনীর এক চোরাগোপ্তা অভিযানে নিহত হয়েছেন।”

“এটি একটি বড় ধরনের সাফল্য,” বলেন তিনি।   
   
এলইটির গতিবিধির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই চোরাগোপ্তা অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।   

গিলানি আরো বলেন, “আবু কাসিমের প্রকৃত নাম আব্দুল রেহমান। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর জেলার বাসিন্দা। পাঁচ বছর ধরে কাশ্মিরে সক্রিয় থাকা অন্যতম শীর্ষ ফেরারি ছিল সে।

“আজ ভোররাত দুইটার দিকে নিরাপত্তা বাহিনী তাকে হত্যা করে। তার মৃত্যু রাজ্যের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের জন্য একটি বড় ধরনের আঘাত।”

বুধবার সন্ধ্যা থেকে অভিযানটি শুরু করা হয় বলে জানান তিনি। 

“কাসিম খান্দায়পোড়া গ্রামে লুকিয়ে থাকতে পারে বলে আমাদের কাছে খবর ছিল। পুলিশ ও সেনাদের একটি দল গ্রামটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। কর্ডন ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কয়েক মিনিটের বন্দুকযুদ্ধে সে নিহত হয়।

“তার অপর সঙ্গীরা রাতের আঁধারের সুযোগ নিয়ে ফিরে যেতে সক্ষম হয়, তবে নিরাপত্তা বাহিনী গ্রামটি এখনও ঘিরে রেখেছে এবং তাদেরও আমরা ধরতে পারবো বলে আশা করছি,” বলেন তিনি। 

উধমপুরে বিএসএফ জওয়ানদের উপর হামলার পরিকল্পনা আবু কাসিমের মস্তিষ্কপ্রসূত ছিল বলে দাবি করেন গিলানি। ৫ অগাস্ট বিএসএফ জওয়ানদের বহনকারী বাসে চালানো ওই হামলায় দুই বিএসএফ জওয়ান নিহত ও আরো ১১ জন আহত হন।

চলতি মাসের প্রথমদিকে বিদ্রোহ দমনে নিয়োজিত পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তা মুহাম্মদ আলতাফ দার হত্যায়ও কাসিম জড়িত ছিলেন বলে দাবি করেন গিলানি।
 
এছাড়া ২০১৩ সালে শ্রীনগরের হায়দারপোড়া এলাকায় সেনাবহরে চোরাগোপ্তা হামলা চালিয়ে আট সেনাকে হত্যাও কাসিমের পরিকল্পনা মাফিক করা হয়েছিল বলে জানান তিনি।