২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বোমা, নিহত ১১

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে একটি যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২২ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 11:13 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

দেশটির পশ্চিমাঞ্চলীয় এই শহরটির একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, বাসটির ছাদে বোমা পেতে রাখা হয়েছিল।

দেশটিতে সহিংসতার ঘটনা যে সময়ে তুলনামূলকভাবে কমে এসেছিল আসছিল ঠিক এই অবস্থাতেই বাসে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটল।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘ সময় ধরেই বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িক ও ইসলামপন্থি জঙ্গিদের হামলা-সহিংসতা মোকাবিলা করছে।

শিয়া মুসলিম সম্প্রদায়ের শোকের মাসকে কেন্দ্র করে প্রদেশটিতে সতর্কতা জারি রয়েছে।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, কোয়েটার কেন্দ্রীয় অঞ্চল থেকে বাসটি দিন শেষে ঘরমুখী শ্রমিকদের বহন করে শহরতলীর উদ্দেশে যাচ্ছিল।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বুগতি নিরপরাধ মানুষকে লক্ষ করে করে চালানো এই হামলাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “আমার এখানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছি। শেষ সন্ত্রাসীর মৃত্যু না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”