‘অর্ধেক পুরুষ’ যে দুর্গা
‘দুর্গতিনাশিনী’ দেবী দুর্গা এই প্রথম উত্তর কলকাতার জয় মিত্র স্ট্রিটের এক পূজামণ্ডপে এসেছেন ‘অর্ধনারীশ্বর’ রূপে; যার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব এবার আরও এক অর্থে ‘সার্বজনীন’ হল।
শোভাবাজারের আহিরিটোলার কাছে ‘উদ্যমী যুবকবৃন্দ’ নামের স্থানীয় একটি ক্লাবকে সঙ্গে নিয়ে এই মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করেছে ‘প্রত্যয় জেন্ডার ট্রাস্ট’ নামের একটি সংগঠন। কলকাতা এবং আশপাশের তৃতীয় লিঙ্গের মানুষসহ ‘সবার জন্য’ এ আয়োজন।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ‘সার্বজনীন’ হলেও লিঙ্গ পরিচয়ের বাধা ডিঙানো যেন সম্ভব হচ্ছিল না। জয় মিত্র স্ট্রিটের ‘উদ্যমী যুবকবৃন্দ’ ও ‘প্রত্যয় জেন্ডার ট্রাস্ট’ মিলে সেই কঠিন কাজটিই এবার সম্ভব করল।
কলকাতার আনন্দবাজার লিখেছে, “এই প্রথম বৃহন্নলা আর রূপান্তরকামীরা মিলে দুর্গাপূজোর আয়োজন করেছেন। যেখানে আর অন্যরকম হওয়ার ‘ভয়’ থাকবে না। বিনা বাধায় মহাষ্টমীর অঞ্জলি দিতে পারবেন ওরা। প্রতিমা দর্শন করতে গিয়ে দুর্ব্যবহার বা হুমকির মুখে পড়তে হবে না।”
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ‘প্রত্যয় জেন্ডার ট্রাস্ট’- এর প্রতিষ্ঠাতা সদস্য অনিন্দ্য হাজরা ও ভানু নস্কররা হিজড়াদের নিয়ে আলাদাভাবে দুর্গাপূজার আয়োজন করতে চাইছিলেন বেশ কয়েকবছর ধরেই। গত দুই বছর তারা বিভিন্ন পূজা কমিটির সঙ্গে কথা বললেও সাড়া পাননি। শেষ পর্যন্ত ‘উদ্যমী যুবকবৃন্দ’ তাদের প্রস্তাবে রাজি হয়।
২৭ বছর ধরে পূজার আয়োজন করে আসা উদ্যমী যুবকবৃন্দের সদস্য ঘনশ্যাম সাউ আনন্দবাজারকে বলেন, শুরুতে পাড়ার লোকজন আপত্তি তুলেছিল। পরে ঠিক হয়, কেবল হিজড়া নয়, সবাইকে নিয়ে এ পূজা হবে।
বিশেষ এই পূজার আয়োজনে দেবী প্রতিমা গড়েছেন কলকাতার কুমোরটুলির ‘একমাত্র নারী শিল্পী’ চায়না পাল।
তার গড়া দুর্গার অর্ধেকটা পুরুষের। মুখের একপাশে আছে গোঁফ, দেহের ওই অংশে স্তন নেই; নিম্নাংশের অর্ধেক ঢেকে রেখেছে ধুতি। আর দেহের বাকি অর্ধেক চিরচেনা ‘দুর্গা মায়ের’।
এই আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও পাশে পাচ্ছে ‘উদ্যমী যুবকবৃন্দ’।
রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে আনন্দবাজার লিখেছে, “পূজো সবার জন্য। সরকার রূপান্তরকামীদের পাশে আছে। পূজোর মধ্যে দিয়ে ওরা মূলস্রোতে ফিরতে চাইছেন, এটাই সরকারের নবগঠিত ‘ট্রান্সজেন্ডার বোর্ডের’ মূল উদ্দেশ্য।”
