দিল্লিতে আবারও ধর্ষণ: মোদীর সমালোচনায় কেজরিওয়াল
দিল্লিতে আরও দুইটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা প্রতিহত করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল।
কেজরিওয়ালের অভিযোগ, এ বিষয়ে সরকার এবং পুলিশ যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করছে না।
পুলিশ জানায়, ধর্ষণের সর্বশেষ ঘটনা দুইটির একটি ঘটে শুক্রবার রাতে। পশ্চিম দিল্লিতে আড়াই বছর বয়সী ছোট্ট একটি শিশুকে দুই ব্যক্তি অপহরণের করে ধর্ষণের পর শিশুটির বাড়ির কাছে একটি পার্কে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
পরীক্ষার পর তাকে অন্তত একবার ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
দিল্লির পুলিশ প্রধান পুষ্পন্দর কুমার বলেন, "সন্দেহভাজন ব্যক্তিদের আমরা খুঁজছি। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।"
অন্য ঘটনাটি ঘটে দিল্লির পূর্বাঞ্চলে। যেখানে, তিন ব্যক্তি পাঁচ বছর বয়সী একটি শিশুকে গণধর্ষণ করে।
পুলিশ জানায়, ওই শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার এক প্রতিবেশীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
উভয় শিশুই চিকৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নতুন করে ধর্ষণের ঘটনায় আবারও উত্তাল হয়ে উঠেছে দিল্লি। হাজার হাজার লোক রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং এর সমালোচনা করে টুইটারে কেজরিওয়াল লেখেন, "এভাবে ক্রমাগত ছোট ছোট শিশুদের ধর্ষণের শিকার হওয়া লজ্জাজনক ও ভীষণ উদ্বেগের বিষয়। দিল্লি পুলিশ নিরাপত্তা প্রদাণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী ও তার লেফটেন্যান্ট গভর্নর কি করছেন?"
"প্রধানমন্ত্রীর হয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত নতুবা রাজ্য সরকারের হাতে দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ হস্তান্তর করা উচিত।"
দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মণ্ত্রনালয়ের অধীনে কাজ করে।
২০১২ সালে দিল্লিতে একটি বাসে মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় দেশটিতে ধর্ষণ বিরোধী নতুন আইন হয়।
এরপরও ভারত জুড়ে নারীদের উপর যৌন সহিংসতা কমছে না। ২০১৪ সালে শুধু দিল্লিতেই ধর্ষণের দুই হাজারের বেশি ঘটনা থানায় লিপিবদ্ধ হয়।
