২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়নাতদন্তের টেবিলে নড়ে উঠলো 'শবদেহ'

ভারতের বানিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি হাসপাতালে ময়নাতদন্ত শুরু করার আগ মুহূর্তে এক ব্যক্তি জেগে উঠে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 09:25 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

যদিও দুইদিন পর ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

লোকমানিয়া তিলক মিউনিসিপাল জেনারেল হাসপাতালের  একজন জ্যেষ্ঠ চিকিৎসক ভবঘুরে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে এবং দ্রুত 'মৃতদেহ' মর্গে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

হাসপাতালের নিয়মানুযায়ী, কোনো রোগীকে মৃত ঘোষণা করার পর অন্তত দু ঘণ্টা ওয়ার্ডে রেখে দেয়া হয়। চিকিৎসক কোনো ভুল করেছেন কিনা সেটা নিশ্চিত হতেই এটা করা হয়।

হাসপাতালটির চিকিৎসকরা জানান, রোববার পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। সে বিপাকীয় সমস্যায় ভুগছিল এবং তার অবস্থা গুরুতর ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, বাসস্টপ থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

হাসপাতালটির ডিন ডা. সুলেমান মার্চেন্ট বিবিসিকে বলেন, প্রশান্ত নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তি পরে মঙ্গলবার রাতে মারা যায়।

তার মৃত্যুর কারণ অনিশ্চিত। বুধবার মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

ডা. মার্চেন্ট বলেন, "তার (ভবঘুরে ব্যক্তির) ডান কানে শূককীট বাসা বেঁধে ছিল এবং তার চেতনা ছিল না। সে রক্তশূন্যতায় ভুগছিল বিধায় আমরা তাকে রক্ত দিয়েছি।"

মৃত্যু নিশ্চিত না হয়ে কেন রোববার প্রশান্তকে তাড়াহুড়ো করে মর্গে নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।