২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের নতুন প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ অলি

নেপালে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট নেতা খাগড়া প্রসাদ শর্মা অলি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 06:23 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

গত ২০ সেপ্টেম্বরে নতুন সংবিধান ঘোষণার পর অলিই নেপালের প্রথম প্রধানমন্ত্রী।

রোববার পার্লামেন্টের ভোটে নেপালি কংগ্রেস নেতা সুশীল কৈরালাকে হারিয়ে প্রধান বিরোধীদল ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অব নেপাল-মাওবাদীর সমর্থন নিয়ে জয়লাভ করেন সিপিএন-ইউএমএল (ইউনিফাইড মার্কসিস্ট-লেনিনিস্ট)চেয়ারম্যান অলি।

৫৯৯ আসনের পার্লামেন্টে ৫৮৭ আইনপ্রণেতার মধ্যে অলি পেয়েছেন মোট ৩৩৮ ভোট।

কিডনির অসুস্থতায় ভোগা ৬৩ বছর বয়স্ক অলি সবার কাছে আগ্রাসী একজন রাজনীতিবিদ হিসাবেই পরিচিত। তার কড়া ভাষার বক্তব্য গণমাধ্যমে খবরের শিরোনামও হয়েছে।

পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড’র মাওবাদী দলের একসময়কার তীব্র সমালোচক হওয়ার পরও নেপালের প্রধানমন্ত্রী হতে এ দলটির সঙ্গেই হাত মিলিয়েছেন অলি। পার্লামেন্টের ভোটে জিতে নেপালের ৩৮ তম প্রধানমন্ত্রী হলেন তিনি।

নতুন সংবিধান নিয়ে জনগণের বিক্ষোভ থামানোই হবে অলির বড় চ্যালেঞ্জ।

এছাড়া, ২৫ এপ্রিলের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর ঘরবাড়ি পুনর্নিমাণ এবং মানুষের পুনর্বাসনের গুরুদায়িত্বও তাকেই পালন করতে হবে। একইসঙ্গে নেপাল-ভারত সীমান্তে শান্তঅবস্থা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক স্থিতিশঅলতাও ফেরাতে হবে তাকে।

অলির রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় ৪৫ বছর আগে পূর্ব নেপালের জাপা এলাকা থেকে। জাপা-৭ আসন থেকেই পার্লামেন্ট প্রতিনিধি নির্বাচিত হন তিনি।

১৯৯০ সালের আগে নেপালের পঞ্চায়েত যুগে অলি বহুবছর জেলও খেটেছিলেন। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্বও পালন করেন।

বিবাহিত হলেও তার কোনো সন্তান নেই। তিনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মত কোনো প্রতিষ্ঠান থেকেও পড়াশুনা করেননি। তবে কয়েকটি ভাষায় কথা বলতে পারেন অলি।

২০১৪ সালে অলি আরেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালকে হারিয়ে সিপিএন-ইউএমএল এর প্রধান নির্বাচিত হন।